পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ঢাকায় বিভিন্ন বস্তি উচ্ছেদ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে বস্তিবাসীরা। বস্তিবাসীদের দাবি, ১৯৯৯ সালের আগস্ট মাসে পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ করা যাবে না বলে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা অগ্রাহ্য করা হচ্ছে।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মহাখালী সাততলা বস্তিসহ বিভিন্ন বস্তিবাসী মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন।
মানববন্ধনে নেতারা বলেন, ৩০ লাখ বস্তিবাসী নগর জীবন বাঁচিয়ে রেখেছে। পরিবহন, অফিস-আদালত, কাজের বুয়া, বাসার নিরাপত্তাকর্মীসহ নানা পেশায় বস্তিবাসীরা যুক্ত। তাদের বাদ দিয়ে নগর সচল হতে পারে না। শহর বাঁচাতে বস্তি উচ্ছেদ নয় বরং পুনর্বাসন করা প্রয়োজন। বস্তিবাসীর জন্য বহুতল ভবন গড়ে তুলে দীর্ঘমেয়াদি কিস্তিতে অ্যাপার্টমেন্ট দেওয়ার দাবি জানান তাঁরা। একই সঙ্গে আদালতের আদেশ মান্য করে বস্তি উচ্ছেদ না করার জন্য আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আহ্বান জানানো হয়। দলমত-নির্বিশেষে সচেতন বিবেকবান মানুষকে অসহায় বস্তিবাসীর পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান তাঁরা।
এনবাস, এনডিবাস, বস্তিবাসী সুরক্ষা কমিটি, সাততলা বস্তি সেন্ট্রাল সিবিও, বস্তিবাসী ইউনিয়নের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন এনডিবাসের সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার, সাততলা বস্তির নেত্রী সেলিনা বেগম, রেবেকা খন্দকার প্রমুখ।