পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ না করার দাবি সিপিবি-বাসদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল হকারদের সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতারা একাত্মতা প্রকাশ করে অংশ নেন l ছবি: প্রথম আলো
জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল হকারদের সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতারা একাত্মতা প্রকাশ করে অংশ নেন l ছবি: প্রথম আলো

পুনর্বাসন না করে দিনের বেলায় রাজধানীর গুলিস্তান এলাকায় হকারদের বসতে না দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে আলোচনার মাধ্যমে হকারদের সমস্যার সমাধান করার দাবি জানান ওই সব দলের নেতারা।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে হকারদের সমাবেশে ওই সব দলের নেতারা এ আহ্বান জানান। সমাবেশের আয়োজন করে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। সমাবেশে বক্তব্য দেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ও হকার্স ইউনিয়নের আহ্বায়ক আবদুল হাশেম কবীর।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, হকাররা সন্ধ্যার পর ফুটপাতে বসলে তাঁদের যে আয় হবে, তা দিয়ে পরিবার-পরিজন নিয়ে একবেলা খাবারও জুটবে না। পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ মেনে নেওয়া হবে না। এ সিদ্ধান্ত প্রত্যাহার করে আলাপ-আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান করতে হবে।
গত বুধবার ডিএসসিসির মেয়র সাঈদ খোকন বলেন, গুলিস্তান ও আশপাশের এলাকার সড়ক ও ফুটপাতে রোববার (আজ) থেকে কর্মদিবসগুলোতে সন্ধ্যা সাড়ে ছয়টার আগে কোনো হকার বসতে দেওয়া হবে না। তবে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার ফুটপাতে বসতে পারবেন হকাররা।
সমাবেশে বক্তারা বলেন, ডিএসসিসির এ সিদ্ধান্ত নদীভাঙা, গ্রাম থেকে উচ্ছেদ হওয়া হাজারো শ্রমজীবী মেহনতি মানুষকে তাঁদের পেশা থেকে উচ্ছেদ করবে। কর্মসংস্থানের মাধ্যমে নিজ এবং পরিবারের ভরণ-পোষণ করছেন যেসব হকার, তাঁদের উচ্ছেদের পাঁয়তারা চলছে।
হকার্স ইউনিয়নের আহ্বায়ক আবদুল হাশেম কবীর আজ ফুটপাতে বসতে না দিলে সিটি করপোরেশন ভবন ঘেরাওয়ের ঘোষণা দেন। সমাবেশ শেষে একটি মিছিল প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন ঘুরে গুলিস্তানে গিয়ে শেষ হয়।