পরিকল্পিতভাবে পুনর্বাসন না করে টাঙ্গাইলের যৌনপল্লি থেকে যৌনকর্মীদের উচ্ছেদ করার প্রতিবাদ জানিয়েছে যৌনকর্মী সংগঠন এবং সামাজিক ও মানবাধিকার সংগঠনগুলো। এসব সংগঠনের অভিযোগ, টাঙ্গাইলে অসামাজিক কার্যকলাপ বন্ধের নামে এই উচ্ছেদ করা হলেও এর উদ্দেশ্য হলো জমি দখল।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গতকাল বৃহস্পতিবার সেক্সওয়ার্কার্স নেটওয়ার্ক ও মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ১২ ও ১৩ জুলাই টাঙ্গাইলের কান্দাপাড়া থেকে ‘টাঙ্গাইল অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধ কমিটির’ নামে এই উচ্ছেদ করা হয়। সেখানে ৮০৪টি ঘরে প্রায় ৯০০ জন যৌনকর্মীর বসবাস ছিল।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র ও টাঙ্গাইলের একজন প্রভাবশালী সাংসদ এই উচ্ছেদের পেছনে কাজ করেছেন। তাঁরা দাবি করেন টানবাজার, মাদারীপুর, যশোর যেখান থেকেই যৌনপিল্ল উচ্ছেদ করা হয়েছে তার সঙ্গে রাজনীতিবিদেরা জড়িত।
বক্তারা বলেন, টাঙ্গাইলের কান্দাপাড়া যৌনপল্লিতে ১০ জুলাই তিন ঘণ্টার মধ্যে চলে না গেলে পেট্রল দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এরপর ১২ জুলাই সন্ধ্যার পর বিদ্যুৎ-সংযোগ বন্ধ করে দেওয়া হয়। প্রাণভয়ে সেদিন সন্ধ্যা থেকেই যৌনপল্লি থেকে চলে যান যৌনকর্মীরা।
সংবাদ সম্মেলনে যৌনকর্মীদের সংগঠন দুর্জয় নারী সংস্থার জে৵ষ্ঠ সমন্বয়ক শাহনাজ বেগম বলেন, ভোটের সময় তো আর কেউ বলে না ভোটটি যৌনকর্মীর। জমি দখলের সময়ই আমাদের পাপ-পুণ্য দিয়ে বিচার করে উচ্ছেদ করা হয় কেন?
এমজেএফের পরিচালক রীনা রায় বলেন, অতীতেও বিভিন্ন জায়গা থেকে এভাবে উচ্ছেদ করা হয়েছে, এতে তো আর এই পেশাটি বন্ধ হয়ে যায়নি।
যৌন পেশা বন্ধে রাষ্ট্রের দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন, বিকল্প ব্যবস্থা তৈরি না করে যৌনকর্মীদের উচ্ছেদ না করা ও এই প্রক্রিয়ায় তাঁদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার দাবিসহ সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। এ ছাড়া ২০ জুলাই রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন স্বনির্ভর মহিলা সংস্থার আয়েশা আক্তার লিলি। উপস্থিত ছিলেন নারীপক্ষ, আইন ও শালিস কেন্দ্র, কেয়ার বাংলাদেশ, সেভ দ্যা চিলড্রেন, পি এস টিসি, দুর্জয় নারী সংঘ, আইসিডিডিআরবির প্রতিনিধিরা।
টাঙ্গাইলের যৌনপল্লি নিয়ে ১৯৮৯-৯০ সালের দিকে গবেষণা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক হেলালউদ্দিন খান শামসুল আরেফিন। এই প্রসঙ্গে জানতে চাইলে বলেন, ‘আমরা তখনই বলেছিলাম এই জায়গায় যৌনপল্লিটি টিকে থাকতে পারবে না। তখনই এর পাশে অনেক উঁচু উঁচু বাণিজ্যিক ভবন তৈরি হচ্ছিল। অর্থনৈতিকভাবে লাভজনক জায়গায় বলেই এ রকম জায়গায় ক্ষমতাশালীদের নজর পড়ে। শুধু এই ক্ষেত্রেই নয়, টানবাজার, মাদারীপুরসহ অন্যান্য স্থান থেকেও একই কারণে যৌনপল্লিগুলো উচ্ছেদ করা হয়।’