পুনর্বাসন না করে হকার উচ্ছেদ প্রশ্নে রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুনর্বাসন না করে ফুটপাত থেকে হকার উচ্ছেদ কার্যক্রম কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার এ রুল দেন।
স্থানীয় সরকারসচিব, শ্রমসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার পুলিশ কমিশনার, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের সহকারী প্রধান ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রকে চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শুক্লা সারোয়াত সিরাজ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। পরে শুক্লা সারোয়াত সিরাজ প্রথম আলোকে বলেন, ২০১৬ সালের ৪ এপ্রিল ফুটপাত থেকে হকার উচ্ছেদ ও পুনর্বাসন বিষয়ে সরকার একটি নির্দেশনা জারি করে। এতে বলা হয়, ফুটপাতের দোকানদারদের পুনর্বাসনের লক্ষ্যে সাপ্তাহিক বন্ধের দিনগুলোতে নির্দিষ্ট সময়ের জন্য এলাকাভিত্তিক সাপ্তাহিক বাজারের ব্যবস্থা করা হবে। হকারদের স্থায়ীভাবে পুনর্বাসনের লক্ষ্যে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটির নির্ধারিত স্থানে বহুতল মার্কেট নির্মাণ করে হকারদের পুনর্বাসন করবে। তবে ওই সিদ্ধান্ত বাস্তবায়ন না করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ফুটপাত থেকে হকার উচ্ছেদের কার্যক্রম শুরু করলে এর বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়।
হকার উচ্ছেদসংক্রান্ত বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে বাংলাদেশ ছিন্নমূল হকার্স সমিতির সভাপতি কামাল সিদ্দিকী ১৩ মার্চ রিটটি করেন, যা মঙ্গলবার শুনানির জন্য ওঠে।