* ছয় আশ্রয়কেন্দ্র বন্ধ হচ্ছে ৪ সেপ্টেম্বর
* ৩১৩ পরিবার কোথায় যাবে
পাহাড়ধসে গৃহহীন হয়ে পড়া মানুষকে পুনর্বাসন না করেই রাঙামাটির আশ্রয়কেন্দ্রগুলো কোরবানির ঈদের পর বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এতে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে ছয়টি আশ্রয়কেন্দ্রে থাকা ৩১৩ পরিবার। নারী-শিশুসহ এসব পরিবারের সদস্য ৭৮৩ জন। অসহায় এই মানুষগুলো বলছেন, পাহাড়ধসে ভিটেমাটি-স্বজনসহ সর্বস্ব হারিয়েছেন তাঁরা। সরকার তাঁদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কিছুই করেনি।
রাঙামাটি জেলা প্রশাসন বলছে, আশ্রয়কেন্দ্র পরিচালনার জন্য সরকারের কাছ থেকে পাওয়া বরাদ্দ ২৮ আগস্ট শেষ হয়ে গেছে। গত আড়াই মাসে (১৩ জুন থেকে ২৮ আগস্ট পর্যন্ত) খরচ হয়েছে ১ কোটি ২২ লাখ টাকা। চাল লেগেছে ৮১ মেট্রিক টন।
কয়েক দিন ধরে আশ্রয়কেন্দ্রের খরচ জরুরি ত্রাণ তহবিল থেকে মেটানো হচ্ছে বলে জানান রাঙামাটি জেলা প্রশাসকের সহকারী কমিশনার খোন্দকার ইখতিয়ার উদ্দিন আরাফাত। তিনি প্রথম আলোকে বলেন, নতুন করে বরাদ্দের জন্য আবেদন করা হলেও বরাদ্দ পাওয়া
যায়নি। আগামী ৪ অক্টোবর থেকে সব আশ্রয়কেন্দ্র বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এখন আশ্রয়কেন্দ্রে থাকা প্রতিটি পরিবারকে ছয় হাজার টাকা, দুই বান্ডিল টিন ও ৩০ কেজি করে চাল দেওয়া হবে। বিষয়টি পরিবারগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে।
বিভিন্ন আশ্রয়কেন্দ্রের বাসিন্দারা বলছেন, প্রশাসনের লোকজন এত দিন ধরে বলে আসছিলেন তাঁদের বাড়ি করে দিতে জায়গা খোঁজা হচ্ছে। এই আশ্বাস-বিশ্বাসে আশ্রয়কেন্দ্রে কষ্ট হলেও দিনের পর দিন পড়ে ছিলেন তাঁরা। কিন্তু তিন-চার দিন আগে হঠাৎ তাঁদের বলা হয়েছে, আশ্রয়কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে। তাঁরা যেন ভাড়া বাসায় কিংবা নিরাপদ জায়গায় চলে যান। এখন টিন নিয়ে তাঁরা কোথায় ঘর করবেন। তাঁদের যাওয়ার কোনো জায়গা নেই। পরিবারকে খাওয়াবেন কী?
গত ১৩ জুন রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলায় ভয়াবহ পাহাড়ধসে মারা যায় ১৫৮ জন। এর মধ্যে শুধু রাঙামাটিতেই মারা যায় ১২০ জন। গৃহহীন হয়ে পড়ে কয়েক হাজার মানুষ। অসহায় হাজারো মানুষের জন্য রাঙামাটিতে ১৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়। এতে ৩ হাজার ৪৯০ জন আশ্রয় নেয়। কিন্তু পুনর্বাসনের দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকা এবং জীবিকার তাগিদে মানুষ আশ্রয়কেন্দ্র ছাড়তে থাকে। ২৭ জুন থেকে (রোজার ঈদের পরদিন) মানুষ আশ্রয়কেন্দ্র ছাড়তে শুরু করে। প্রথমে প্রায় ১০০ পরিবার আশ্রয়কেন্দ্র ছেড়ে যায়। মূলত যাদের ঘরবাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে, তারাই আশ্রয়কেন্দ্র ছেড়ে যায়। ধাপে ধাপে আশ্রয়কেন্দ্রের সংখ্যা কমিয়ে গত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে ছয়টিতে আনা হয়।
পাহাড়ধসের দুই মাস পর ১৩ আগস্ট পর্যন্ত ছয়টি আশ্রয়কেন্দ্রে ছিল ১ হাজার ৩৯৬ জন। গত দুই সপ্তাহে আশ্রয়কেন্দ্র ছেড়েছে ৬১৩ জন। বর্তমানে চালু থাকা ছয়টি আশ্রয়কেন্দ্রের মধ্যে রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয়ে ১০৮ জন, জিমনেসিয়ামে ১১২ জন, মারী স্টেডিয়ামে ৭৪ জন, মেডিকেল কলেজ ছাত্রবাসে ২৬৫ জন, মোনঘর ভাবনাকেন্দ্রে ২১০ জন ও তবলছড়ি এনডিসি হিল কোয়ার্টারে ১৪ জন রয়েছে।
শহরের জিমনেসিয়াম আশ্রয়কেন্দ্রের জীবন বসু চাকমা ও অমূল্য সেন চাকমা প্রথম আলোকে বলেন, বাড়ি ভাড়ার টাকা কীভাবে জোগাড় করব। পকেটে একটি টাকাও নেই। কীভাবে চলবে দিন?
মেডিকেল ছাত্রাবাসের আশ্রয়কেন্দ্রের নুরুল ইসলাম ও রাবেয়া বেগম প্রথম আলোকে বলেন, এখন তাঁরা কী করবেন কিছু বঝুতে পারছেন না। আশ্রয়কেন্দ্র থেকে যদি তাড়িয়ে দেওয়া হয়, তাহলে রাস্তায় থাকতে হবে।
স্টেডিয়াম আশ্রয়কেন্দ্রের মো. আল আমিন বলেন, তাঁদের আশ্রয়কেন্দ্র থেকে এখনো কেউ যাননি। যাঁরা আছেন সবাই গৃহহীন। কোথায় যাবেন তাঁরা।
পাহাড়ধসে গৃহহীন মানুষের পুনর্বাসনের জন্য জায়গা খুঁজতে একটি কমিটি করেছিল রাঙামাটি জেলা প্রশাসন। এ বিষয়ে রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু সাহেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, আশ্রয়কেন্দ্রের মানুষদের পুনর্বাসনের জন্য কোথাও জায়গা খুঁজে পাওয়া যায়নি।
হঠাৎ করে সব কটি আশ্রয়কেন্দ্র বন্ধ করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গওহার নঈম ওয়ারা। তিনি প্রথম আলোকে বলেন, আশ্রয়কেন্দ্র বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত সেখানে থাকা মানুষের সঙ্গে আলোচনার ভিত্তিতে নেওয়া প্রয়োজন ছিল। সেখানে পাহাড় ও সমতলের লোকজন রয়েছে। পাহাড়ের মানুষেরা হয়তো কোনো স্বজনের বাড়িতে কিছুদিনের জন্য আশ্রয় নিতে পারবে, অন্যদের কী হবে?
গওহার নঈম ওয়ারা বলেন, সরকারের পক্ষ থেকে বারবার গৃহহীন মানুষকে পুনর্বাসনের আশ্বাস দেওয়া হয়েছিল। সেখান থেকে কেন সরে গেল? পাহাড়ধসের জন্য আশ্রয়কেন্দ্রে থাকা গৃহহীন মানুষেরা দায়ী নয়। যারা পাহাড় কেটেছে, মানুষকে পাহাড়ে নিয়ে গেছে, তাদের কিছুই হলো না কিন্তু শাস্তি পেল অসহায় মানুষ।