পুনর্বাসনে চাই সঠিক কর্মপন্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানব পাচার ও সহিংসতার শিকার ব্যক্তিরা সমাজে অবহেলা ও ঘৃণার শিকার হয়, বিশেষত নারী ও শিশুরা। পরিবার ও সমাজ পুনরায় তাদের গ্রহণ করতে চায় না। ফলে এক অন্ধকার জগৎ থেকে রক্ষা পেয়েও তারা অমানবিক জীবন যাপন করে। এসব ব্যক্তিকে সেবা প্রদানের মধ্য দিয়ে সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে হবে।রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে গতকাল রোববার ‘পাচার ও সহিংসতার শিকার ব্যক্তির জন্য সহায়ক সেবা প্রদানে উত্তম পদ্ধতি’ শীর্ষক দুই দিনব্যাপী এক আঞ্চলিক কর্মশালার উদ্বোধনী অধিবেশনে বক্তারা এসব কথা বলেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি। পাচারের শিকার এমন একজন নারী উদ্বোধনী অধিবেশনে বলেন, ‘পাচারকারীদের হাত থেকে ফিরে এসে আমি পরিবার ও সমাজে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছি না। আশপাশের লোকজন বিভিন্ন ধরনের বাজে কথা বলে আমাকে ও আমার পরিবারকে উত্ত্যক্ত করে। আমাকে বাধ্য হয়ে ভিকটিম সাপোর্ট সেন্টারে থাকতে হয়। এখানে আমার ভালো লাগে না। একই অবস্থা সেন্টারের সবার।’
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় আইন কমিশনের চেয়ারম্যান মো. শাহ আলম বলেন, মানব পাচাররোধে সবার অংশগ্রহণে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক কাঠামো প্রয়োজন। এ বিষয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে। আইএমওর বাংলাদেশ প্রধান সারাত দাশ বলেন, মানব পাচার আইন ২০১২ অত্যন্ত শক্তিশালী। তবে এর প্রকৃত বাস্তবায়ন না হলে সুফল পাওয়া সম্ভব নয়।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ শাখার মহাপরিচালক সাইদা মুনা তাসনিম বলেন, শ্রমিকদের দেশে ফিরিয়ে আনার জন্য প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের আলাদা বরাদ্দ থাকলেও পাচার হওয়া ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার জন্য আলাদা সরকারি বরাদ্দ নেই। তিনি বলেন, আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর জন্য এ বিষয়ে সার্ক মনিটরিং সেল গঠন করা প্রয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সমিতির প্রেসিডেন্ট ফৌজিয়া করিম ফিরোজ, নির্বাহী পরিচালক সালমা আলী প্রমুখ।