পুনর্বাসনের অপেক্ষা, অজানা আশঙ্কা

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়ায় ৫১ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপনের কারণে উচ্ছেদ হওয়া পরিবারগুলো পুনর্বাসনের আশায় দিন কাটাচ্ছে৷ আর সদর দপ্তরের আশপাশের গ্রামের বাসিন্দারা দিন কাটাচ্ছেন অজানা আশঙ্কায়৷
১০ জুন বিজিবি-পুলিশের সঙ্গে স্থানীয় আদিবাসীদের অপ্রীতিকর ঘটনায় সৃষ্ট সংকট নিরসনে এখনো কেউ কোনো উদ্যোগ গ্রহণ করেনি। গতকাল শুক্রবার সরেজমিনে ঘুরে ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে৷
বাবুছড়া উচ্চবিদ্যালয়ে আশ্রয় নেওয়া ২১ পরিবারের মধ্যে যত্নমোহন কার্বারি পাড়ার মৃণাল কান্তি চাকমা (৪৮) অভিযোগ করেন, ঘটনার পর থেকে তাঁর পরিবার বাড়িছাড়া। বাড়িতে ধান, সহায়-সম্পত্তি, হাঁস-মুরিগ, গবাদিপশু থাকলেও তা আনতে পারেননি। বাড়িতে যেতে চাইলে বিজিবি সদস্যরা তাড়িয়ে দেন। তাঁর পরিবারসহ বিদ্যালয়ের আশ্রয় নেওয়া ২১টি পরিবার পুনর্বাসনের অপেক্ষায় রয়েছে।
অপ্রীতিকর ঘটনায় আহত হওয়া যত্নমোহন কার্বারি পাড়ার গোপা চাকমা বলেন, ১৯৬০ সালে কাপ্তাই বাঁধের কারণে উচ্ছেদ হয়ে তাঁরা বাবুছড়ায় আশ্রয় নেন৷ বাবুছড়া থেকে ৮৯ সালে নিরাপত্তার কারণে ভারতে শরণার্থী হতে হয়েছে৷ সেখান থেকে ফিরে নিজ জায়গায় ফিরতে পারেননি৷ এ অবস্থায় বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপনের কারণে আরও উচ্ছেদ হতে হচ্ছে৷
বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের পাশের সন্তোষ কার্বারি পাড়া অবস্থিত। এ পাড়ার বাসিন্দা ৭০ বছরের বৃদ্ধ রাম মোহন চাকমা বলেন, গ্রাম থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই৷ যে রাস্তাটি ছিল বিজিবি তা বন্ধ করে দিয়েছে। গ্রাম থেকে বের হতে হলে কৃষিজমির আইল বেয়ে যেতে হয়৷ একই গ্রামের গৃহবধূ মলিনা চাকমা (৫০), শান্তি দেবী চাকমা (৪৮) ও মোহনী বালা চাকমা (৬০) অভিযোগ করেন, বিজিবি সদস্যরা কাঁটাতারের ঘেরার কাছেও ঘেঁষতে দিচ্ছেন না, গ্রামের অনেকের বিরুদ্ধে মামলা করা হয়েছে৷
৫১ বাবুছড়া বিজিবির উপ-অধিনায়ক মেজর কামাল উদ্দিন জানান, ১০ জুন সম্পূর্ণ পরিকল্পিতভাবে পাহাড়িরা বিজিবি ক্যাম্পে হামলা চালায়। বিজিবি সদস্যরা অনেক ধৈর্যের পরিচয় দিয়ে পরিস্থিতি মোকাবিলা করেছেন। আক্রমণকারী আদিবাসীদের নিবৃত্ত করতে পুলিশ পাঁচটি রাবার বুলেট ও পাঁচটি টিয়ার শেল নিক্ষেপ করে। আক্রমণকারীরা দুই বিজিবি সদস্যের রাইফেল হামলা চালিয়ে ভেঙে দেয়। পালিয়ে যাওয়া পাহাড়িদের বিজিবি কখনো হুমিক দেয়নি বলে দাবি করেন তিনি৷
দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান নব কোমল চাকমা জানান, বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপন নিয়ে সৃষ্ট বিরোধ নিরসনে তিনি উদ্যোগ নিয়েছিলেন৷ কিন্তু ১০ জুন অপ্রীতিকর ঘটনা ও পরবর্তী সময়ে মামলা করার পরিপ্রেক্ষিতে সব ভন্ডুল হয়ে যায়। উদ্ভূত পরিস্থিতি কীভাবে সমাধান করা যায়, এখন ব্যক্তিগতভাবে তিনি চিন্তাভাবনা করছেন৷