পুনর্বাসনের উদ্যোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস, ট্রেনসহ বিভিন্ন যানবাহন ও ময়মনসিংহ শহরের বিভিন্ন বাণিজ্যিক এলাকায় ভিক্ষাবৃত্তির নামে হিজড়াদের চাঁদাবাজিতে অতিষ্ঠ ময়মনসিংহের বিভিন্ন পেশার মানুষ।
অনেকে বলছেন, পুনর্বাসন না করায় জীবনধারণের ন্যূনতম চাহিদা পূরণের জন্যই তাঁরা মানুষের সঙ্গে এ রকম আচরণ করছেন।
সরেজমিন দেখা যায়, হিজড়ারা দল বেঁধে বাসে ও ট্রেনে ওঠেন। কেউ টাকা দিতে না চাইলে তাঁরা মানুষকে অশ্লীল ভাষায় গালাগাল ও অভিশাপ দিচ্ছেন। বাধ্য হয়ে মানুষ টাকা দিচ্ছেন। এতে চরম বিড়ম্বনায় পড়ছেন পেশাগত কাজে প্রতিদিন যাতায়াত করা মানুষ। কর্মস্থলে যাওয়া ও ফেরার পথে তাঁরা প্রায় প্রতিদিনই হিজড়াদের টাকা দিচ্ছেন।
ময়মনসিংহ রেলস্টেশন, পাটগুদাম আন্তজেলা বাস টার্মিনাল, মাসকান্দা বাস টার্মিনাল ও মালগুদাম এলাকায় গিয়ে হিজড়াদের সঙ্গে কথা হয়। অধিকাংশ হিজড়াই জানান, জীবনধারণের ন্যূনতম চাহিদা মেটাতে তাঁদের এই আচরণ করতে হয়। বর্তমানে ময়মনসিংহ শহর ও বিভিন্ন উপজেলায় কমপক্ষে ১৫০ জন হিজড়া আছেন। তাঁদের বেশির ভাগ পরিবারচ্যুত। শহরে বাসা ভাড়া নিয়ে থাকা ও খাওয়ার খরচ জোগাতেই তাঁরা বাস ও ট্রেনে মানুষের কাছে টাকা চান। টাকা দিতে না চাইলে খারাপ আচরণ করেন। অনেকে জানান, কাজ করে জীবিকা অর্জনের চেষ্টা করেছেন অনেকেই। কিন্তু বৈষম্য ও সাধারণ মানুষের সঙ্গে সহজে মিশতে না পারার কারণে কাজ ছেড়ে আবার ভিক্ষাবৃত্তিতে ফিরে আসেন।
আকুয়া এলাকায় এখনো পরিবারের সঙ্গে বসবাস করেন ২৮ বছর বয়সী সুরভী (ছদ্মনাম)। তিনি জানান, পরিবারে তিনি ছেলেসন্তান হিসেবেই বড় হচ্ছিলেন। ১২ বছর বয়সে প্রথম শারীরিক ও পরে মানসিক পরিবর্তন শুরু হলে নিজের মধ্যে মেয়েলি ভাব দেখা দেয়। এ সময় পড়াশোনা ছেড়ে একটি যাত্রাদলে নৃত্যশিল্পী হিসেবে কাজ নেন। কিন্তু মানুষের ‘খারাপ’ দৃষ্টির কারণে বেশি দিন টিকতে পারেননি যাত্রাদলে। ১৮ বছর হওয়ার আগেই স্বীকৃত হিজড়াদের সঙ্গে মিশতে শুরু করেন। নিজের পরিবার অসচ্ছল হওয়ার কারণে সুরভী বর্তমানে হিজড়া দলে মিশে গেছেন।
লিটা (২২) ও সাগরিকা (২৬) জানান, তাঁরা দুজনই ময়মনসিংহ শহরের চরপাড়া এলাকায় একটি রেস্টুরেন্টে কাজ করতেন। আচরণে মেয়েলিপনা থাকায় মালিক তাঁদের বেতন দিতেন কম। এ ছাড়া রাতে ঘুমানোর সময় অন্য শ্রমিকেরা ভালো আচরণ করতেন না। এসব কারণে কাজ ছেড়ে চলে যান হিজড়া দলে।
২০১৩ সালের জানুয়ারি মাসে ময়মনসিংহের হিজড়াদের নিয়ে প্রতিষ্ঠিত হয় ‘আলোর পথে হিজড়া সমাজকল্যাণ সংস্থা’ নামের একটি সংগঠন। সম্প্রতি ময়মনসিংহ শহরের মালগুদাম এলাকায় ওই সংগঠনের কার্যালয়ে গিয়ে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তাঁদের জীবনযাপন।
সংগঠনের সভাপতি সালমা শেখ বলেন, সংগঠনের প্রায় ১০০ জন হিজড়ার মধ্যে ৮০ জনই পরিবারচ্যুত। তাঁদের থাকা-খাওয়ার খরচ মেটাতেই বাসে-ট্রেনে মানুষের কাছে টাকা চান। টাকা দিতে না চাইলে খারাপ আচরণ করার বিষয়টি তিনি অস্বীকার করেননি।
সালমা শেখ কার্যালয়ের একটি বাক্স থেকে সংগঠনের দুটি লিফলেট দেখান। লিফলেটগুলোতে লেখা আছে, ভিক্ষাবৃত্তির নামে কোনো হিজড়া যদি যানবাহনের চালক ও যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করে, তবে সংগঠনে নালিশ করা যাবে। লিফলেটে নালিশ করার জন্য মুঠোফোন নম্বরও দেওয়া আছে। সালমা শেখসহ আরও কয়েকজন জানান, জীবনধারণের জন্য কাজ ও সম্মান পেলে হিজড়ারা ভিক্ষাবৃত্তি থেকে সরে আসবেন।
ময়মনসিংহের কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থা গত এক বছরে হিজড়াদের পুনর্বাসনের চেষ্টা করেছে। কিন্তু তাদের সীমাবদ্ধতা থাকায় সফল হতে পারেনি। তৃণমূল উন্নয়ন সংস্থা, তৃণমূল কারুপণ্য, গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ময়মনসিংহের হিজড়াদের পুনর্বাসনের চেষ্টা করা হয়।
সমাজসেবা অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের উপপরিচালক মো. রফিকুল হক বলেন, হিজড়াদের পুনর্বাসনের প্রক্রিয়া সারা দেশে পর্যায়ক্রমে শুরু হয়েছে। ময়মনসিংহে এখনো এ প্রকল্প শুরু হয়নি। আগামী অর্থবছরে ময়মনসিংহে এই কার্যক্রম শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।