পুনর্বাসনের দাবি জানালেন খুলনার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের শেরেবাংলা বিপণিকেন্দ্রের ৩৭ জন ব্যবসায়ী রেলওয়ের খালি ও পরিত্যক্ত জায়গায় জরুরিভিত্তিতে তাঁদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন। এ ছাড়া বিপণিকেন্দ্রের আরও ৯১ জন ব্যবসায়ী বর্তমান জায়গায় ব্যবসা করতে দেওয়ার দাবি করেছেন।
খুলনা আধুনিক রেলস্টেশন নির্মাণের জন্য ইতিমধ্যে ৩৭টি ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। আরও উচ্ছেদের আশঙ্কায় গতকাল শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। এতে লিখিত বক্তব্যে বিপণিকেন্দ্রের সভাপতি চ ম মজিবুর রহমান বলেন, দেড় শতাধিক ব্যবসায়ী রেলওয়ের লাইসেন্স নিয়ে সরকারের সব ধরনের রাজস্ব দিয়ে আধা পাকা দোকানঘর করে ৪২ বছর ধরে ব্যবসা করে আসছেন। রেলস্টেশন নির্মাণের জন্য ৩৭ জন ব্যবসায়ী নিজ উদ্যোগে তাদের দোকানঘর ভেঙে কর্তৃপক্ষের চাহিদামতো ৪০০ ফুট জায়গা ছেড়ে দিয়েছেন। তাঁরা আরও দোকান উচ্ছেদের আশঙ্কা করছেন।