ফেনীতে রাজাঝির দিঘিরপাড় থেকে উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবিতে গতকাল রোববার শহরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। পরে একই দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন তাঁরা।
রাজাঝির দিঘিরপাড় ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে গতকাল বেলা ১১টার দিকে শহরের ট্রাংক রোডে শহীদ মিনার চত্বরে মানববন্ধন করা হয়। পরে তাঁরা বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। পুনর্বাসনের দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবর তাঁরা স্মারকলিপি দেন।
গত শনিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের রাজাঝির দিঘিরপাড়ে অবৈধভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদ করা হয়।
রাজাঝির দিঘিরপাড় ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি নবী হাজারী বলেন, প্রায় সাড়ে চার শ ক্ষুদ্র ব্যবসায়ী দীর্ঘদিন ধরে দিঘিরপাড়ে দোকান তুলে ব্যবসা করে আসছেন। পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করে দোকান গুঁড়িয়ে দেওয়ায় এখন পরিবার নিয়ে পথে বসার অবস্থা হয়েছে তাঁদের।
এ বিষয়ে ফেনী জেলা প্রশাসক মো. আমিন উল আহসান প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে কিছু লোক অবৈধভাবে দিঘির পাড় দখলে নিয়ে দোকান নির্মাণ করে ব্যবসা করছেন। এতে দিঘির সৌন্দর্য নষ্ট ছাড়াও পরিবেশের ক্ষতি হচ্ছিল। এ ছাড়া পাড়ের সড়কও তাঁদের দখলে থাকায় সাধারণ মানুষের হাঁটাচলা করতে সমস্যা হচ্ছিল। রাজাঝির দিঘিরপাড়ের সৌন্দর্য বৃদ্ধির জন্য চারপাশে প্রাচীরসহ বাগান সৃজন, প্রশস্ত সড়ক নির্মাণের জন্য জলবায়ু তহবিল থেকে চার কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে।