পুনর্বাসনের দাবিতে জেলেদের মানববন্ধন
পায়রা সমুদ্রবন্দর-সংলগ্ন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের কয়েক শ জেলে পরিবারের সদস্যরা পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের বানাতি বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে পশরবুনিয়া গ্রামের জেলে নুর সায়েদ মুন্সী (৬৫) বলেন, ইলিশের প্রজননকালীন মৎস্য শিকারে নিষেধাজ্ঞার ধকল কাটিয়ে উঠতে পারলেও পায়রা সমুদ্রবন্দরের জন্য রাবনাবাদ নদে স্থাপন করা বয়ার কারণে মাছ শিকার কষ্টসাধ্য হয়ে পড়েছে। নদীর মাঝখানে বয়া স্থাপন করায় এখন আর নদীতে জেলেরা জাল ফেলতে পারছেন না। বয়ার ফাঁকে জাল পাতলেও সেই জাল স্রোতের কারণে বয়ার সঙ্গে গিয়ে আটকে ছিঁড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হন জেলেরা। এখন নদীতে মাছ ধরার কোনো উপায় নেই। ফলে ওই এলাকার সব জেলে এখন বেকার হয়ে গেছেন। তাঁদের জীবন রক্ষার জন্য পুনর্বাসন ও কর্মসংস্থানের প্রয়োজন।
চাড়িপাড়া এলাকার জেলে রফিক হাওলাদার বলেন, ইউনিয়নের প্রায় ১ হাজার ৮০০ জেলেকে ভিজিএফের চাল তিন-চার মাসের জন্য না দিয়ে সারা বছর দেওয়া হোক। এই জেলেরা পুনর্বাসনসহ বিকল্প কর্মসংস্থানের জন্য পায়রা সমুদ্রবন্দরের শ্রমিক হিসেবে কাজ করার সুযোগ চান।
লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর তারিকুজ্জামান বলেন, ইউনিয়নে প্রায় দুই হাজার জেলে পরিবার রয়েছে। রাবনাবাদ নদে বয়া স্থাপন করায় জেলেরা মাছ শিকার করতে পারছেন না।