পুনর্বাসনের দাবিতে যৌনকর্মীদের বিক্ষোভ
উচ্ছেদের হুমকির প্রতিবাদে ও স্থায়ী পুনর্বাসনের দাবিতে গতকাল রোববার দুপুরে বিক্ষোভ করেছেন মাদারীপুরের পুরানবাজার এলাকার যৌনপল্লির কর্মীরা। এ সময় তাঁরা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেন। পরে অতিরিক্ত জেলা প্রশাসকের হস্তক্ষেপে তাঁরা অবরোধ তুলে নেন। ইসলাহে কওম পরিষদ নামে মাদারীপুরের একটি সংগঠন যৌনপল্লি অপসারণে আন্দোলন করে আসছে। সর্বশেষ গত ৩১ মার্চ মাদারীপুর ঈদগাহ ময়দানে মহাসমাবেশ করে সংগঠনটি। যৌনকর্মীদের অভিযোগ, রোববার সকালে ওই সংগঠনের কয়েকজন কর্মী পুরানবাজার যৌনপল্লিতে গিয়ে তাঁদের ১৫ দিনের মধ্যে চলে যেতে বলেন। এতে তাৎক্ষণিকভাবে প্রায় ৩০০ যৌনকর্মী বিক্ষোভ বের করে রাস্তায় নেমে আসেন। পরে জেলা প্রশাসকের কার্যালয় অবরোধ করে রাখেন। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরিফুল ইসলাম তাঁদের পুনর্বাসনের আশ্বাস দিলে তাঁরা ঘেরাও কর্মসূচি শেষ করেন। মাদারীপুর পুরানবাজার যৌনপল্লির বাড়িওয়ালি তারা বিবি অভিযোগ করেন, শহরের বাণিজ্যিক কেন্দ্র যৌনপল্লি এলাকার কোটি কোটি টাকা দামের জমির মালিক তাঁরা নিজেরাই। এই জমি দখলের জন্য ছয় মাস ধরে ইসলাহে কওমের লোকজন আন্দোলন করছেন ও তাঁদের ভয়ভীতি দেখাচ্ছেন। এমনকি তাঁদেরসহ যৌনপল্লি এলাকা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরিফুল ইসলাম বলেন, পুরানবাজারের যৌনকর্মীদের সরকারিভাবেই পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। জেলা প্রশাসন থেকে এ বিষয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে।