পুনর্বাসনের দাবিতে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের নির্দেশে গতকাল শুক্রবার জামালপুরের সরিষাবাড়ীতে নয়টি হিন্দু পরিবারের অবৈধভাবে গড়ে তোলা বাড়িঘর উচ্ছেদ করা হয়েছে। তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করার দাবিতে তাঁরা দুই ঘণ্টা সরিষাবাড়ী-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পৌরসভার ঝালুপাড়া গ্রামের ভূমিহীন নয়টি হিন্দু পরিবার দীর্ঘ ৬০ বছর ধরে সুবর্ণখালী নদীর তীরে পাট মন্ত্রণালয়ের জমিতে বসবাস করে আসছিল। ২০১৩ সালে ঝালুপাড়া গ্রামের সরকার পাশা ওয়েলফেয়ার ট্রাস্টের মালিক এ বি এম বদরুল আমীন সিদ্দিকী পাট মন্ত্রণালয়ের কাছ থেকে ওই জমি কিনে নেন। কিন্তু দখল না পাওয়ায় তিনি ওই সালেই জামালপুর জেলা বিচারিক হাকিমের আদালতে ওই স্থানের ১৫ শতক জমি দাবি করে ঝালুপাড়া গ্রামের নরেশ চোহানকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে জামালপুর জেলা যুগ্ম বিচারিক হাকিম ফাহিমা ইমরোজ ২২ আগস্ট হিন্দু পরিবারগুলোর ঘরবাড়ি উচ্ছেদের আদেশ দেন। ওই নির্দেশের ভিত্তিতে গতাকল দুপুরে জামালপুরের নির্বাহী হাকিম জ্যোতিশ্বর পাল তাঁদের বাড়িঘর উচ্ছেদ করেন।