পুনর্বাসনের নামে নির্বাসন!
সরকারের কাছ থেকে পাওয়া ব্যারাক হাউসের ঘরে থাকতে পারছে না ভোলার ৪০টি পরিবার। প্রতিদিন জোয়ারের পানিতে ঘরগুলো ডুবে যাচ্ছে। ব্যারাক হাউস ছেড়ে এখন তাদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের আশপাশে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। অথচ এই ঘর করার জন্যই তারা একসময় আট গুণ বেশি দামে জমি কিনে দিয়েছিল। দুই শতাংশ জমির জন্য আট থেকে নয় হাজার টাকা করে দিয়েছিল তারা। তখন জমির প্রকৃত মূল্য ছিল এক হাজার টাকা। সুদের ওপর ঋণ করে কেনা শেষসম্বলটুকু এখন হারিয়ে একেবারে নিঃস্ব পরিবারগুলো। গত রোববার ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বালিয়াকান্দি এলাকায় গেলে ভূমিহীন ভুক্তভোগীরা এসব তথ্য জানান। সদর উপজেলা পরিষদ ও ধনিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) সূত্র জানায়, সিডরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আশ্রয়ের জন্য জাপান সরকারের অর্থায়নে প্রতিটি ইউনিয়নে ব্যারাক হাউস নির্মাণ করে দেওয়া হয়। প্রতিটি ঘরের প্রাথমিক নির্মাণ ব্যয় ধরা হয় প্রায় এক লাখ ২০ হাজার টাকা। একটি ব্যারাকে ১০টি ঘর। এ রকম ১১টি ব্যারাক নির্মাণ হয়েছে ধনিয়া ইউনিয়নে। গত বছরের শেষ দিকে ব্যারাক হাউসগুলো বিতরণ করা হয়। বালিয়াকান্দি গ্রামের ব্যারাক হাউসে গিয়ে দেখা যায়, ভাঙনকবলিত মেঘনা থেকে ঘরগুলোর দূরত্ব বড়জোর ৫০ থেকে ১০০ হাত। গত মার্চ-এপ্রিলে বন্যা নিয়ন্ত্রণের জন্য নতুন বাঁধ নির্মাণ করায় বাঁধের বাইরে চলে যায় ব্যারাকের ৪০টি পরিবার। বাকি ৭০টি পরিবার বাঁধের ভেতর বসবাস করছে। এবার বর্ষার শুরু থেকেই পানি ওঠায় ঘরগুলো ছেড়ে দিতে বাধ্য হয় ৪০টি পরিবারের সদস্যরা। তারা এখন বাঁধের আশপাশে পলিথিন ও ভাঙা টিন পেতে মানবেতর জীবনযাপন করছে। ব্যারাক হাউসের ঘরপ্রাপ্ত আমিরুন নেছা, নিরুতাজ বিবি, আরজু, রহিমা, আবদুল কাদেরসহ অনেকে জানান, ইউপির তৎকালীন সদস্য জাহাঙ্গীর আলম, ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা সফি বাঘা, কালাম বেপারিকে জমিসহ ঘর দেওয়া হবে বলে তাঁদের ইউনিয়ন পরিষদে নিয়ে যান। সেখানে তৎকালীন ইউপি চেয়ারম্যান ফেরাদাউস বাহাদুর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম ফকিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁরা বলেন, খাস জমি না থাকলে ব্যারাক হাউসে ঘর নিতে ইচ্ছুক ব্যক্তিদের জমি কিনে দেওয়ার বিধান রয়েছে। এই ইউনিয়নে খাস জমি না পাওয়ায় আগ্রহীদের জমি কিনে দিতে হবে। তাঁদের কথায় ভূমিহীন ব্যক্তিরা সফি বাঘা ও জাহাঙ্গীর আলমের কাছে একটি ঘর ও দুই শতাংশ জমির জন্য আট হাজার টাকা দেন। এ জন্য কেউ কেউ সুদের ওপর ঋণ পর্যন্ত নিয়েছিলেন। ব্যারাকে ঘর পাওয়া ইউনুস বাঘা অভিযোগ করেন, তিনি ভেবেছিলেন তাঁরা আট হাজার টাকার বিনিময়ে একটি নিরাপদ আশ্রয় পেয়েছেন। কিন্তু ঘর নির্মাণের পর দেখলেন, যে স্থানে জমি কিনেছেন সে জমি মেঘনার ভাঙনের মুখে। ওই দুই শতাংশ জমির দাম সর্বোচ্চ এক হাজার টাকা ছিল। এখন বিনা মূল্যে দিলেও কেউ কিনবে না। ধনিয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য শরীফুল ইসলাম গোলদারসহ স্থানীয় গণ্যমান্য একাধিক ব্যক্তির দাবি, পাঁচ বছর আগেও ওই জমির প্রতিশতাংশের মূল্য নয় শ থেকে এক হাজার টাকার বেশি ছিল না। যখন ব্যারাক নির্মাণ হয়েছে, তখন শতক ছিল ৫০০-৬০০ টাকা।ভোলা সদরের ইউএনও সেলিম ফকির ও তৎকালীন ইউপি চেয়ারম্যান ফেরদাউস বাহাদুর জানান, যখন জমি কেনা হয়েছে তখন মেঘনা নদী অনেক দূরে ছিল। জমির দাম স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ও নেতারাই নির্ধারণ করেছেন। তৎকালীন ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, ‘সফি বাঘা ও কালাম বেপারি ঘরপ্রাপ্তদের কাছ থেকে টাকা তুলেছেন। আমাকে শুধু দলিল খরচের টাকা দেওয়া হয়েছে। এখানে আমার কোনো দোষ নেই।’ জমির মালিক সফি বাঘা ও কালাম বেপারি বলেন, ‘যখন ব্যারাক হাউস নির্মাণ করা হয় তখনকার বাজার দর অনুসারে দুই শতাংশ জমির দাম সাত-আট হাজার টাকা নেওয়া হয়েছে। বাকি টাকায় দলিলসহ অন্যান্য খরচ দেওয়া হয়েছে। এখন নদীতে ভাঙলে আমরা কী করব?’ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল কাদের বলেন, ‘তহবিল না থাকায় ব্যারাক হাউস স্থানান্তর করা সম্ভব হচ্ছে না। ঘরপ্রাপ্তদের কাছ থেকে জমির মূল্য বেশি নিলেও তাঁকে বা সংশ্লিষ্ট কাউকে জানানো হয়নি।’