পুনর্বাসনের বিষয়ে সরকার সিদ্ধান্তহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটিতে ভয়াবহ পাহাড়ধসে সর্বস্ব হারানো মানুষকে কোথায় পুনর্বাসন করা হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত নন জেলা প্রশাসনের কর্মকর্তারা। তাঁরা বলছেন, পাহাড়ধসে প্রায় ৫০০ পরিবার সর্বস্ব হারিয়েছে। এত পরিবারের নিরাপদ পুনর্বাসনের জন্য অনেক জায়গার দরকার। এ-সংক্রান্ত সরকারি কোনো সিদ্ধান্তের কথা তাঁরা এখনো জানেন না।

গত ১৩ জুনের পাহাড়ধসের পর রাঙামাটি শহরে মোট ১৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়। ঈদের দিন বিকেল পর্যন্ত এসব আশ্রয়কেন্দ্রে প্রায় সাড়ে তিন হাজার লোক ছিলেন। ১৫ জুলাই পর্যন্ত এসব মানুষের থাকা-খাওয়ার ব্যবস্থা করার কথা সরকারের পক্ষ থেকে আগেই বলা হয়েছে। পাহাড়ধসে এসব মানুষের ঘর সম্পূর্ণ বা আংশিক বিধ্বস্ত হয়েছে। যাঁদের ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে, তাঁরা আশ্রয়কেন্দ্র ছাড়ার পর কোথায় যাবেন—এই চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন।

১৩ জুনের পাহাড়ধসের ঘটনায় রাঙামাটিতে ১২০ জনের মৃত্যু হয়। আহত হন অন্তত ৮৮ জন। যাঁদের অনেকে এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্গত মানুষের পুনর্বাসনের বিষয়ে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও রাঙামাটির জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান প্রথম আলোকে বলেন, পুনর্বাসনের ব্যাপারে সরকার এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে চিন্তাভাবনা করা হচ্ছে। পুনর্বাসনের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সমতল জমি পাওয়া।

এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারি ও বেসরকারি পর্যায়ের বিশেষজ্ঞদের একটি দল মঙ্গলবার (আজ) রাঙামাটি আসছে। বিশেষজ্ঞরা পাহাড়ধসের কারণ খতিয়ে দেখবেন। পাহাড়গুলোর অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করবেন তাঁরা। এসব পাহাড় মানুষের নিরাপদ বসবাসের উপযোগী কি না, সে বিষয়েও মতামত দেবেন তাঁরা। এর ভিত্তিতে সরকার পুনর্বাসনের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

গত রোববার থেকে রাঙামাটিতে টানা বৃষ্টিপাতের কারণে নতুন করে পাহাড়ধসের আতঙ্ক দেখা দিয়েছে। গত কয়েক দিনে যেসব পরিবার আশ্রয়কেন্দ্র ছেড়ে নিজ নিজ বাড়িতে ফিরে গিয়েছিল, তাদের অনেকে রোববার রাত থেকে আশ্রয়কেন্দ্রে ফিরে আসতে শুরু করেছে। বৃষ্টিতে গতকাল সোমবার নতুন করে পাহাড়ধস হয়েছে। দুপুর ১২টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ির দেপ্পোছড়ি এলাকায় একটি পাহাড়ের অংশবিশেষ ধসে পড়ে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। পাহাড়ধসের পর প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ ছিল।

১৯টি আশ্রয়কেন্দ্রের মধ্যে ১১টি বিদ্যালয় ও একটি কলেজ। বাকিগুলো সরকারি বিভিন্ন স্থাপনা এ কার্যালয়। শিক্ষাপ্রতিষ্ঠান এখনো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ায় অনেক শিক্ষার্থীর লেখাপড়ায় সমস্যা হচ্ছে। দুর্গত মানুষের অন্যত্র কোনো ব্যবস্থা না হওয়া পর্যন্ত কী হবে, এ নিয়ে শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা চিন্তিত। শহরের মোনঘর আবাসিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিমিত ঝিমিত চাকমা প্রথম আলোকে বলেন, ৬ জুলাই থেকে শিক্ষার্থীদের অর্ধবাষিক পরীক্ষা শুরু হওয়ার কথা। কিন্তু বিদ্যালয় চালু না হওয়ায় পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।

রাঙামাটির আশ্রয়কেন্দ্রে অবস্থান করা পরিবারগুলোর মধ্যে যাদের বাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে, তাদের মধ্যে প্রায় ১০০ পরিবার ঈদের দিন বিকেল থেকে নিজ বাড়িতে ফিরে গেছেন। অনেকে বাড়ি মেরামত করে পরিবার নিয়ে ঝুঁকিপূর্ণ পাহাড়েই নতুন করে বসবাস শুরু করেন। গত শনিবার চারটি আশ্রয়কেন্দ্রে অবস্থান করা লোকজনের সবাই (৬৭১ জন) চলে যান।

বাকি ১৫টি আশ্রয়কেন্দ্রে এখনো প্রায় ২ হাজার লোক অবস্থান করছেন বলে প্রথম আলোকে জানান রাঙামাটির সহকারী কমিশনার খোন্দকার ইখতিয়ার উদ্দিন আরাফাত। তিনি বলেন, আশ্রয়কেন্দ্রে অবস্থান করা দুর্গত মানুষকে প্রাথমিকভাবে শহরের ৪টি স্থানে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, এই সিদ্ধান্ত পুরোপুরি কার্যকর করতে কয়েক দিন সময় লাগবে। কারণ, রোববার রাত থেকে আবার টানা বৃষ্টি শুরু হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক বেড়েছে। অনেকে নতুন করে আবার আশ্রয়কেন্দ্রে আসছেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে ওই কেন্দ্রের ব্যবস্থাপনার দায়িত্ব পালনকারী করপোরাল খায়রুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ দুটি পরিবারের মধ্যে একটি পাহাড়ধসের পরেও এসেছিল। কয়েক দিন আগে পরিবারটি চলে যায়। কিন্তু গতকাল আবার ফিরে এসেছে। অন্য পরিবারটি গতকালই প্রথম আশ্রয়কেন্দ্রে এসেছে।