পুনর্বিচার কাজ ৩০ জুন পর্যন্ত মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেলানী হত্যা মামলার পুনর্বিচার কার্যক্রম ৩০ জুন পর্যন্ত মুলতবি করেছে বিএসএফের বিশেষ আদালত। গতকাল শনিবার দুপুরে আদালত এই আদেশ দেন। চার মাস মুলতবি থাকার পর গত বুধবার সকালে ভারতের কোচবিহারে বিএসএফের সেক্টর সদর দপ্তরে স্থাপিত জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্টে এই কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দেশটির সরকারি আইনজীবী অসুস্থতার কারণে উপস্থিত হতে না পারায় ওই দিন আদালতের কার্যক্রম স্থগিত করেন বিচারক।
কুড়িগ্রামের সরকারি কৌঁসুলি এস এম আব্রাহাম লিংকন জানান, ‘বিবিসির কলকাতা প্রতিনিধি অমিতাভ ভট্টশালী টেলিফোনে আমাকে জানান, পুনর্বিচার কার্যক্রম আবারও পিছিয়ে ৩০ জুন করা হয়েছে। এটি হতাশাজনক।’
২০১১ সালের ৭ জানুয়ারি ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় ভারতের চৌধুরীহাট ক্যাম্পের বিএসএফ সদস্য অমিয় ঘোষ কিশোরী ফেলানীকে গুলি করে হত্যা করে। এ ঘটনার দুই বছর পর ২০১৩ সালের ১৩ আগস্ট ফেলানী হত্যার বিচার শুরু হয়।