পুনর্বিচার শুরু, বাবা যেতে পারেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেলানী হত্যা
ফেলানী হত্যা

পরিবারের সদস্য, আইনজীবী ও বিজিবি কর্মকর্তাদের অনুপস্থিতিতে গতকাল সোমবার ভারতের কোচবিহারে বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুন হত্যা মামলার পুনর্বিচার শুরু হয়েছে।
কোচবিহারের সোনারিতে অবস্থিত ১৮১ নম্বর বিএসএফের কেন্দ্রীয় ব্যাটালিয়নের বিশেষ আদালতে এ বিচার বসে। অত্যন্ত গোপনীয়তায় এ বিচার কার্যক্রমের প্রথম দিন সম্পন্ন হয়েছে। বিচারকে কেন্দ্র করে বিশেষ আদালতের বাইরে ছিল কঠোর নিরাপত্তা।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ডিআইজি (কোচবিহার সেক্টর) ডি এস সান্ধা জানান, এ মামলার পুনর্বিচার শুরু হয়েছে। তবে তিনি বিষয়টি বিচারাধীন বলে আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ বিচার কার্যক্রমে সার্বিক সহযোগিতা ও পর্যবেক্ষণে বিজিবির পক্ষে নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম ৪৫ বিজিবির কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ। লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ গতকাল প্রথম আলোকে বলেন, ‘বিচারকাজ শুরু হলেও এখনো আমাদের ডাকা হয়নি। তবে আমরা তৈরি আছি। যেকোনো সময় বিএসএফ ডাকলেই সাক্ষ্য দিতে ভারতে যাব।’
বিজিবি কর্মকর্তা আরও বলেন, এ মামলার সাক্ষ্য দিতে যেকোনো সময় ভারতে যেতে পারেন ফেলানীর বাবা নূর ইসলাম ও মামা আবদুল হানিফ। কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর এস এম আব্রাহাম লিংকন বাংলাদেশের আইনজীবী হিসেবে সাক্ষী ও আদালতকে সহায়তা করবেন।
বিজিবি সূত্র জানায়, বিএসএফ গত সপ্তাহে তাদের চিঠি দিয়ে জানায়, ফেলানী হত্যার বিচার কার্যক্রম শুরু হবে যেকোনো মুহূর্তে। এর পরিপ্রেক্ষিতে ফেলানীর বাবা, মামা, আইনজীবী, কুড়িগ্রাম বিজিবির সিও ভিসাসহ যাবতীয় প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছেন। বিএসএফ ডাকলেই তাঁরা রওনা হবেন।
২০১১ সালের ৭ জানুয়ারি কিশোরী ফেলানী তার বাবার সঙ্গে ভারত থেকে ফুলবাড়ীর অনন্তপুর সীমান্ত দিয়ে বাড়ি ফিরছিল। রাতে দালালের মাধ্যমে মই বেয়ে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সে প্রাণ হারায়। এরপর দীর্ঘ চার ঘণ্টা ফেলানীর লাশ কাঁটাতারের বেড়ায় ঝুলে ছিল। এ ঘটনা দেশ-বিদেশের গণমাধ্যম ও মানবাধিকারকর্মীদের কাছে ব্যাপক সমালোচিত হয়। পরে ২০১৩ সালের ১৩ আগস্ট ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় বিএসএফের বিশেষ আদালতে এ হত্যার বিচারিক কার্যক্রম শুরু হয়। আদালতে সাক্ষ্য দেন প্রত্যক্ষদর্শী ফেলানীর বাবা ও মামা। বিচারে অভিযুক্ত বিএসএফের সদস্য অমীয় ঘোষকে ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর বেকসুর খালাস দেন ওই আদালত।
কিন্তু ফেলানীর পরিবার এ বিচার মেনে নেয়নি। ফেলানীর বাবা ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর ভারতীয় হাইকমিশনারের মাধ্যমে ভারত সরকারের কাছে পুনর্বিচারের আবেদন করেন। পরে বিজিবি-বিএসএফের দ্বিপক্ষীয় বৈঠকে ফেলানী হত্যার পুনর্বিচারে সম্মত হয় বিএসএফ। এর পরিপ্রেক্ষিতে গতকাল এ বিচার শুরু হলো।