পুনর্বিচার শুরু হচ্ছে এ মাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত ফেলানী হত্যার পুনর্বিচার শুরু হচ্ছে চলতি মাসে। বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) এ কথা জানিয়েছে বিএসএফ।
কুড়িগ্রাম ৪৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ গতকাল শনিবার প্রথম আলোকে জানান, বিএসএফের ১৮১ ব্যাটালিয়নের অধিনায়ক বাদলা সিং গত সপ্তাহে বিজিবিকে চিঠি দিয়ে জানান, চলতি মাসের যেকোনো দিন বিএসএফের বিশেষ আদালতে ফেলানী হত্যার পুনর্বিচার শুরু হবে।
বিষয়টি জানার পর ফেলানীর বাবা নুরুল ইসলাম, মামা আবু হানিফ ও আইনজীবী আব্রাহাম লিংকন ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করতে গতকাল রাজশাহীতে ভারতীয় উপহাইকমিশনে যান।
২০১১ সালের ৭ জানুয়ারি বাবার সঙ্গে ভারত থেকে বাংলাদেশে ফিরছিল কিশোরী ফেলানী। ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় বিএসএফ গুলি চালায়। এতে ফেলানী নিহত হয়। এরপর কয়েক ঘণ্টা কাঁটাতারে ঝুলে থাকে তার লাশ। এ ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর দুই দেশে সমালোচনার ঝড় ওঠে।
ওই ঘটনায় বিএসএফ বাদী হয়ে তাদের সদস্য অমিয় ঘোষকে আসামি করে স্থানীয় থানায় মামলা করে। ভারতের কোচবিহারের বিএসএফের উদ্যোগে গঠিত বিশেষ আদালত গত বছরের ৫ সেপ্টেম্বর অমিয় ঘোষকে বেকসুর খালাস দেন আদালত।
এরপর ন্যায়বিচার পাওয়ার আশায় ভারতীয় হাইকমিশনারের কাছে আবেদন করে ফেলানীর পরিবার। পরে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানায় বাংলাদেশ সরকার।