পুনর্বিচার হবে কি না আদেশ কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় তিন নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা তিনটির পুনর্বিচার করা হবে কি না—সে বিষয়ে কাল বৃহস্পতিবার আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ পুনর্বিচারের আবেদনগুলোর শুনানি গতকাল মঙ্গলবার শেষ হয়। জামায়াতের সাবেক আমির গোলাম আযম, বর্তমান আমির মতিউর রহমান নিজামী ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলা তিনটি পুনর্বিচারের জন্য আসামিপক্ষ গত ২০ ও ২৩ ডিসেম্বর তিনটি আবেদন করে।আবেদনগুলোর ওপর শুনানির ষষ্ঠ দিনে গতকাল আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক রাষ্ট্রপক্ষের যুক্তি খণ্ডন করেন। তিনি বলেন, গোলাম আযমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগের ছয়টি খসড়া আহমেদ জিয়াউদ্দিন ই-মেইলে এই ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের কাছে পাঠান। তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ১১(১)(ডি) ধারা অনুসারে কোনো ব্যক্তিকে বিশেষ কাজ সম্পাদনের জন্য ট্রাইব্যুনাল নিযুক্ত করতে পারেন, শুধু চেয়ারম্যান নন। এ ছাড়া সে দায়িত্ব নেপথ্যে দেওয়া যায় না। ১১(৬) ধারা অনুসারে ট্রাইব্যুনালের চেয়ারম্যান প্রশাসনিক আয়োজন করতে পারেন, কিন্তু বিচারপতি নিজামুল হক ও আহমেদ জিয়াউদ্দিনের কথোপকথন প্রশাসনিক ছিল না। বিচারপতি নিজামুল হক আদেশেই বলেছেন, তাঁরা আইন নিয়ে কথা বলেছেন।গত ৩০ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম যুক্তি উপস্থাপনকালে বলেছিলেন, ট্রাইব্যুনাল চাইলে যেকোনো ব্যক্তিকে সাহায্য করার জন্য বলতে পারেন, আইনে এ ক্ষমতা দেওয়া আছে। এ ছাড়া এই আইনের অধীনে ট্রাইব্যুনালের দায়িত্ব পালন করার জন্য প্রয়োজন মনে করলে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিশেষ প্রশাসনিক আয়োজন (অ্যাডমিনিসট্রেটিভ অ্যারেঞ্জমেন্ট) করতে পারেন।আবদুর রাজ্জাকের পর আসামিপক্ষে কিছুক্ষণ যুক্তি উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী রফিকুল ইসলাম মিয়া।পরে অ্যাটর্নি জেনারেল পাল্টা যুক্তিতে বলেন, ট্রাইব্যুনালে ন্যায়বিচার হয়েছে কি না, তা দেখার জন্য আপিল বিভাগ আছেন।দুই পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল বলেন, ছয় দিন ধরে ট্রাইব্যুনাল তিনটি আবেদনের ওপর দুই পক্ষের বক্তব্য শুনেছেন। ৩ জানুয়ারি (বৃহস্পতিবার) আদেশ দেওয়া হবে।