জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা পুনর্বিচারের আবেদনের শুনানিতে গতকাল বুধবার আসামিপক্ষ আইনগত বিষয়ে যুক্তি উপস্থাপন করেছে। আইনে মামলা পুনর্বিচারের কোনো সুযোগ আছে কি না, এ বিষয়ে ট্রাইব্যুনালের বিভিন্ন প্রশ্নের জবাব দেয় আসামিপক্ষ।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল দ্বিতীয় দিনের মতো মামলা পুনর্বিচারের আবেদনের শুনানি করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক। শুনানিতে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ৬(৬) ধারায় বলা আছে, শুধুমাত্র ট্রাইব্যুনালের কোনো সদস্যের পরিবর্তন হলে বা কোনো সদস্য অনুপস্থিত থাকলে ইতিপূর্বে সাক্ষ্য দিয়েছেন, এমন সাক্ষীকে আবার সাক্ষ্য দেওয়ার জন্য তলব করতে বা পুনঃশুনানি করতে ট্রাইব্যুনাল বাধ্য নন। এখানে কোনো সদস্য পরিবর্তনের ক্ষেত্রে ইংরেজিতে ‘মেয়ারলি’ শব্দ ব্যবহূত হয়েছে, বাংলায় যার অর্থ ‘নিছক’। এই ধারা সাক্ষ্য নেওয়ার ক্ষেত্রে প্রযোজ্য। এর আগে ট্রাইব্যুনালের কাঠামোতে দুবার পরিবর্তন এসেছে। সেগুলো স্বাভাবিক ছিল। কিন্তু এবারের পরিবর্তন ‘নিছক’ নয়। একটি অস্বাভাবিক পরিস্থিতিতে বিচারপতি নিজামুল হক পদত্যাগ করেছেন।ট্রাইব্যুনাল বলেন, কিন্তু সম্পূর্ণ কার্যক্রম পুনঃশুনানির কোনো বিধান নেই। আসামিপক্ষের প্রধান আইনজীবী বলেন, আইনে নেই, কিন্তু ৪৬এ বিধিতে আছে।ট্রাইব্যুনাল প্রশ্ন করেন, আইনে যেখানে ধারা নেই, সেখানে বিধি কীভাবে প্রয়োগ করা যাবে? আইনজীবী বলেন, বিধি কখনো আইনের ওপর যেতে পারে না, কিন্তু আইনে না থাকলে বিধি থেকে নেওয়া যায়। এখানে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, তার সমাধান আইনে নেই। মধ্যাহ্ন বিরতির পর শুনানিতে আবদুর রাজ্জাক বলেন, তাঁদের আবেদন হলো গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আদেশ ও অভিযোগ গঠনের আদেশ প্রত্যাহার (রিকল)। ট্রাইব্যুনাল বলেন, যদি দুটি আদেশ প্রত্যাহার করা হয়, তবে মামলা আবার প্রথম থেকে শুরু হবে। কিন্তু প্রথম থেকে শুরু করার বিধান কোথায় আছে? আবদুর রাজ্জাক বলেন, যদি ট্রাইব্যুনাল মনে করেন ন্যায়বিচারের স্বার্থে আদেশ প্রত্যাহার করতে হবে, তবে তা করতে পারেন। ট্রাইব্যুনাল বলেন, ট্রাইব্যুনাল তাঁর আদেশ প্রত্যাহার করতে পারেন—এই ক্ষমতা কোথায় আছে? আইনজীবী বলেন, অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগের মাধ্যমে। ট্রাইব্যুনাল বলেন, বিধিতে উল্লেখ না থাকলেও আদালতের অন্তর্নিহিত ক্ষমতা ব্যবহারের সুযোগ থাকবে। কিন্তু সেই ক্ষমতা কখন এবং কতটুকু প্রয়োগ করা যাবে, তা দেখাতে হবে।এরপর আবদুর রাজ্জাক আদালতের অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগসংক্রান্ত উচ্চ আদালতের বিভিন্ন রায়ের উল্লেখ করেন। যুক্তি উপস্থাপন শেষ না হওয়ায় শুনানি আজ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়। আবদুর রাজ্জাককে আজ এক ঘণ্টার মধ্যে যুক্তি উপস্থাপন শেষ করতে বলেন ট্রাইব্যুনাল। গতকাল শুনানি চলাকালে আসামির কাঠগড়ায় বসা গোলাম আযম হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। কিছুক্ষণের মধ্যে তাঁর জ্ঞান ফিরে আসে। ট্রাইব্যুনালের নির্দেশে তাঁকে দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়।