পুনর্বিবেচনার আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতির এজলাস কক্ষে প্রতীক্ষা আর পিনপতন নীরবতা। ঘড়িতে তখন দুপুর ১২টা ৫ মিনিট। এজলাসে এলেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনসহ আপিল বিভাগের বিচারপতি এস কে সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। আসন গ্রহণের পর ১২টা ৬ মিনিটে প্রধান বিচারপতি কয়েকটি শব্দে আদেশ পড়েন। বললেন, ‘বোথ দ্য ক্রিমিনাল রিভিউ পিটিশনস আর ডিসমিসড’ (পুনর্বিবেচনার দুটি আবেদনই খারিজ করা হলো)।

এই একটি বাক্যের মাধ্যমে বিজয়ের মাসে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের একটি মামলার বিচার- প্রক্রিয়ার সমাপ্তি ঘটল। খারিজ আদেশের অনুলিপি গতকাল বৃহস্পতিবার বিকেলেই সুপ্রিম কোর্ট থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কারা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়।

আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, কাদের মোল্লার ফাঁসির কার্যক্রম স্থগিত করে (মঙ্গলবার রাতে) চেম্বার বিচারপতি যে আদেশ দিয়েছিলেন, পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ায় তার আর কার্যকারিতা নেই। ফলে এখন আর কাদের মোল্লার ফাঁসি কার্যকরে আইনগত কোনো বাধা নেই। অ্যাটর্নি জেনারেল বলেন, তবে এখন যদি তিনি (কাদের মোল্লা) স্বতঃপ্রণোদিত হয়ে রাষ্ট্রপতির কাছে ক্ষমাপ্রার্থনার অভিপ্রায় ব্যক্ত করেন, এ ক্ষেত্রে রাষ্ট্র যথাযথ পদক্ষেপ নিতে পারে।

আবেদন খারিজের প্রতিক্রিয়ায় কাদের মোল্লার আইনজীবী আবদুর রাজ্জাক ও খন্দকার মাহবুব হোসেন বলেন, তাঁরা ন্যায়বিচার পাননি। খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘আমরা বিশ্বাস করি, দেশে যেখানে আইনের শাসন কায়েম আছে, সেখানে এ ধরনের রায় দিয়ে কাদের মোল্লার প্রতি ন্যায়বিচার করা হয়নি। তবে সর্বোচ্চ আদালত রায় দিয়েছেন। এ ক্ষেত্রে আমাদের আর কিছু বলার নেই। পূর্ণাঙ্গ রায় না পেয়ে কারা কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেবে না, এটাই সাধারণ নিয়ম, সাধারণ আইন।’

আবদুর রাজ্জাক বলেন, ‘কাদের মোল্লা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। একজন সাক্ষীর ওপর নির্ভর করে মৃত্যুদণ্ড প্রদান আইনের শাসনের পরিপন্থী। আমরা মনে করি, রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর সরকার যা কিছু করতে চায়, আইন ও কারাবিধি মেনেই তা করবে।’

প্রাণভিক্ষা প্রশ্নে আবদুর রাজ্জাক বলেন, ‘ক্ষমাপ্রার্থনার কথা উনি ডিনাই (প্রত্যাখ্যান) করেননি। আদালতে বলেছি, ২৩ ডিসেম্বর পর্যন্ত প্রাণভিক্ষার জন্য তাঁর হাতে সময় আছে। আগেও বলেছি, প্রাণভিক্ষা চাইবেন কি না, এ বিষয়ে ২১ ও ২২ ডিসেম্বর আমাদের সঙ্গে বসে তিনি চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবেন। সেই সময় এখনো আছে বলে আমরা মনে করছি।’

১০ ডিসেম্বর কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের প্রস্তুতি নেয় কারা কর্তৃপক্ষ। সরকারের দুই প্রতিমন্ত্রী প্রথা ভেঙে সংবাদ সম্মেলন করে জানান, রাত ১২টা ১ মিনিটে ফাঁসি কার্যকর করা হবে। এর পরই ফাঁসির কার্যক্রম স্থগিতের আবেদন নিয়ে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বাসায় হাজির হন কাদের মোল্লার আইনজীবীরা। রাত সাড়ে ১০টার দিকে আদালত পরদিন বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ফাঁসির কার্যক্রম স্থগিত রাখার আদেশ দেন। পরে রায় পুনর্বিবেচনা চেয়ে দুটি আবেদন করা হয়।

পরদিন বুধবার ও গতকাল প্রথমে পুনর্বিবেচনার আবেদনের গ্রহণযোগ্যতা ও পরে পুনর্বিবেচনার আবেদনের ওপর শুনানি হয়। 

গতকাল প্রায় দুই ঘণ্টা শুনানি গ্রহণ করেন আদালত। সকাল সোয়া নয়টায় শুনানি শুরু হয়ে মাঝে আধা ঘণ্টা বিরতি দিয়ে বেলা ১১টা ৩৫ মিনিট থেকে আবার শুরু হয়ে শুনানি চলে পৌনে ১২টা পর্যন্ত। শুনানি শেষে কয়েক মিনিটের বিরতিতে যান আদালত। শুরু হয় অপেক্ষার পালা। ১২টা ৫ মিনিটে এজলাসে এসে আদেশ দেন আদালত।

আদেশের পর এজলাসে দাঁড়িয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘আদেশের অনুলিপি চাচ্ছি।’

আদালত বলেন, ‘আমরা পর্যবেক্ষণ দিইনি। সংক্ষিপ্ত আদেশের প্রয়োজন নেই। আইনি প্রক্রিয়ায় আদেশ চলে যাবে।’

পরে আদেশ প্রস্তুত হয় এবং বিচারপতিদের সইয়ের পর তা কারাগারসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়।

শুনানিতে কাদের মোল্লার আইনজীবী আবদুর রাজ্জাক পুনর্বিবেচনার আবেদনের গ্রহণযোগ্যতার ওপর আগের ধারাবাহিকতায় শুনানি অব্যাহত রাখতে চান। আদালত বলেন, ‘পুনর্বিবেচনার আবেদনের বিষয়বস্তুর ওপর শুনানি করুন।’ আবদুর রাজ্জাক বলেন, ‘প্রস্তুতি নেই।’

পরে আবদুর রাজ্জাক রাষ্ট্রপক্ষের সাক্ষী মোমেনা বেগমের বক্তব্যের অসংগতি তুলে ধরে বলেন, কোনো সাক্ষীর সাক্ষ্যে অসংগতি থাকলে ওই সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নেই। বিশ্বাসযোগ্যতা না থাকলে সেই সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে কাউকে সাজা দেওয়া যায় না।

আদালত বলেন, সাক্ষীর সাক্ষ্যে বিশ্বাসযোগ্যতা আছে বলে তা গ্রহণ করে শাস্তি দেওয়া হয়েছে।

ট্রাইব্যুনালের মৃত্যু পরোয়ানার বিষয় তুলে ধরে রাজ্জাক বলেন, এখতিয়ারবহির্ভূতভাবে ওই পরোয়ানা জারি করা হয়েছে। কারাবিধি অনুযায়ী যে আদালত মৃত্যুদণ্ড দেন, সেই আদালতই পরোয়ানা জারি করবেন।

আদালত বলেন, ট্রাইব্যুনাল আইনের ২০(৩) ধারা অনুসারে সরকার সাজা কার্যকর করবে, এটা কীভাবে দেখছেন?

আবদুর রাজ্জাক বলেন, সাজা কার্যকর করতে হলে কারাবিধি ছাড়া কোনো উপায় নেই। ট্রাইব্যুনাল আইনের কোথাও সাজা কার্যকর কীভাবে হবে, তা বলা নেই।

এই যুক্তির বিরোধিতা করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, সংবিধানের ৪৭ (ক) (২) অনুচ্ছেদ অনুযায়ী কাদের মোল্লার রিভিউ করার সুযোগ নেই। তিনি কোনো প্রতিকার পেতে পারেন না। সংবিধানের ১০৫ অনুচ্ছেদকে স্পর্শ করা হয়নি। আদালতের ক্ষমতা খর্ব করা হয়নি। ব্যক্তির প্রতিকার চাওয়া রহিত করা হয়েছে। কারণ, ট্রাইব্যুনালের আইনে আছে, সাজাপ্রাপ্ত ব্যক্তির আবেদনের সুযোগ থাকবে না। মৃত্যু পরোয়ানার বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ট্রাইব্যুনাল শুধু আপিল বিভাগের রায় সম্পর্কে কারা কর্তৃপক্ষকে অবহিত করেছেন।

এরপর আধা ঘণ্টা বিরতির পর ১১টা ৩৫ মিনিটে আদালত বসলে আবদুর রাজ্জাক বলেন, ‘ন্যায়বিচারের স্বার্থে আবেদন মঞ্জুরের আরজি জানাই।’

কয়েক মিনিট পর আদেশ দেওয়া হবে বলে পৌনে ১২টায় এজলাস ত্যাগ করেন বিচারপতিরা। ১২টা ৫ মিনিটে আদালত আদেশ দেন।

এ সময় এজলাসের ডান দিকের প্রথম সারিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, মুরাদ রেজা ও মোমতাজ উদ্দিন ফকির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন, একরামুল হক, খোন্দকার দিলীরুজ্জামান প্রমুখ বসা ছিলেন।

বাঁ দিকের প্রথম সারিতে ছিলেন আবদুর রাজ্জাক, খন্দকার মাহবুব হোসেন, ইমরান এ সিদ্দিকী, শিশির মুনির প্রমুখ। আদালত কক্ষের ভেতরে ছিল আইনজীবীদের উপচে পড়া ভিড়। প্রধান বিচারপতির এজলাস কক্ষের সামনে পুলিশ মোতায়েন করা হয়। অনেককে সেখানেও দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এই শুনানিকে কেন্দ্র করে সকাল থেকেই সুপ্রিম কোর্ট এলাকার নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। আদালতে প্রবেশের প্রতিটি পথে পুলিশ মোতায়েন ছিল। পরিচয় জেনে, পরিচয়পত্র দেখে ভেতরে ঢুকতে দেওয়া হয়। 

আদেশের পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে সরকার-সমর্থক একদল আইনজীবী স্লোগান দিয়ে মিছিল করেন। ১২টা ২০ মিনিটে কাদের মোল্লার পক্ষেও স্লোগান দেন আরেক দল আইনজীবী। সাড়ে ১২টার দিকে সরকার ও বিরোধী দল-সমর্থক আইনজীবীরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় মুখোমুখি হন। এ সময় পক্ষে-বিপক্ষে স্লোগান উচ্চারিত হতে থাকে। একপর্যায়ে তাঁদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।