পুনর্ভবা নদীর তীরে নবান্ন উৎসব
গীত গেয়ে আর পিঠাপুলি খেয়ে গতকাল বৃহস্পতিবার দিনভর নবান্ন উৎসবে মেতেছিলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাবুরঘোন গ্রামের নারী ও শিশুরা।
সরেজমিনে দেখা যায়, হলুদ শাড়ি আর খোঁপায় ফুল দিয়ে সেজেগুজে অনুষ্ঠানের উদ্যোক্তা দুই বোন মমতাজ খাতুন ও শামীমা খাতুনের বাড়িতে নারী ও শিশুরা ভিড় করেছেন। নারীরা ব্যস্ত পিঠাপুলি তৈরিতে। আর তাঁদের ঘিরেই চলছে শিশুদের একের পর এক গীত গাওয়া। এর এক ফাঁকে নারীরা কলসি নিয়ে পানি আনতে যান পাশের পুনর্ভবা নদীতে।
এরপর চলে ঢেঁকিতে ধান ভানার মহড়া। এখানেও গীত। অর্থাৎ একেক স্থানের জন্য একেক ধরনের গীত। দেখেশুনে মনে হয়, এ যেন মেয়েলি গীতের উৎসব, সঙ্গে নতুন ধানে নবান্নের উৎসব মিলেমিশে একাকার।
মমতাজ ও শামীমা দুই বোনই পেশায় শিক্ষক। তাঁরা জানান, দুজনেরই গ্রামের শিশুদের সঙ্গে আছে দারুণ ভাব। শিশুদের আনন্দ দিয়ে তাঁদের আনন্দ। এ জন্য বেছে নিয়েছেন একসময়ে মা-খালা ও নানি-দাদিদের কাছে শেখা মেয়েলি গীত। এগুলো নতুন প্রজন্মের কাছে পরিচিত করিয়ে দেওয়ার পাশাপাশি তাদের শিখিয়ে একটি মেয়েলি গীতের দল গঠন করেছেন।
তাঁরা আরও জানান, এ ক্ষেত্রে তাঁরা পুরোপুরি সফল হয়েছেন। শিশুদের দল এখন ৬৯টি মেয়েলি গীত গাইতে পারে। বিয়ের গীত থেকে পিঠাপুলি তৈরি, ঢেঁকিতে ধান ভানা, নদীতে জল আনতে যাওয়াসহ নানা ধরনের বৈচিত্র্যময় হাস্যরসময় ও দুঃখেরও মেয়েলি গীত পরিবেশনের জন্য গত তিন বছর ধরে তাঁরা বাড়ি বাড়ি নতুন ধান চাঁদা তুলে নবান্ন উৎসবের আয়োজন করে আসছেন।
শুধু মেয়েলি গীত নয়, গ্রামের আমবাগানের মধ্যে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। এখানে শিশুর দল জারি-সারি, দেশের গান, মুক্তিযুদ্ধের গানের সঙ্গে নাচও পরিবেশন করে। চলে কবিতা আবৃত্তিও। এ কাজে তাদের সহায়তা করেন আরেক শিক্ষক রওশন আরা।
আয়োজনে অংশ নেওয়া সপ্তম শ্রেণীর ছাত্রী রায়হানা নুসরাত, নবম শ্রেণীর রাবেয়া খাতুন, উমেঞ্চ কুলসুম ও পঞ্চম শ্রেণীর আসফাকুন জানায়, এ দিনটির জন্য তারা অপেক্ষা করে থাকে। বাড়ি বাড়ি তিন কেজি করে নতুন ধান তুলে তারা ঝেড়ে শুকিয়ে নিজেরাই কল থেকে ভাঙিয়ে আনে। নিজেরা ৫০ টাকা করে চাঁদা দিয়ে অনুষ্ঠানের মাইক থেকে জ্বালানি, রঙিন কাগজ দিয়ে সাজানো, অতিথিদের জন্য খাবার-দাবারের ব্যবস্থা করে।
আয়োজনে অতিথি হয়ে আসা তাহসিনা বেগম ও মনোয়ারা খাতুন প্রথম আলোকে বলেন, তাঁরা এমন অনুষ্ঠানে এসে আনন্দিত। এটা শুধু নিছক নবান্ন উৎসবই নয়, সাংস্কৃতিক অবক্ষয়ের আর মৌলবাদীদের আগ্রাসনের এই দুঃসময়ে গ্রামবাংলার লোকসংস্কৃতি রক্ষার একটি আন্দোলনও বলা যেতে পারে।