পুনর্ভবার তীরে দুই দিনব্যাপী সূর্যপূজায় পুণ্যার্থীদের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে হিন্দু ধর্মাবলম্বীরা গত রোববার সন্ধ্যা থেকে গতকাল সোমবার ভোররাত পর্যন্ত জেলা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া পুনর্ভবা নদীর তীরে সূর্যপূজার আয়োজন করে।
দিনাজপুর আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষক পরিমল চক্রবর্তী বলেন, সূর্যপূজাকে দিনাজপুরে স্থানীয়ভাবে ছটপূজা বলা হয়। প্রতিবছর শ্যামাপূজার পর শুক্লপক্ষের ষষ্ঠি তিথিতে পুনর্ভবার তীরে সূর্য দেবতাকে সন্তুষ্ট করতে এ পূজা করা হয়। সূর্যপূজা মূলত হরিজন, রবিদাস ও রজক সম্প্রদায়ের হলেও পুনর্ভবা নদীতে এ উপলক্ষে ধর্ম-বর্ণনির্বিশেষে মিলনমেলা তৈরি হয়। রোববারও অনেকেই এখানে বিভিন্ন খেলনা ও খাবারের দোকান নিয়ে বসেন।
দিনাজপুর জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রতন সিং বলেন, সূর্যপূজার প্রথম দিন রোববার বিকেলে পূজারিরা উপবাস করে ফুল, প্রসাদ, বাদ্য-বাজনাসহ পূজার সামগ্রী নিয়ে পুনর্ভবার তীরে উপস্থিত হন। সূর্য অস্ত যাওয়ার পূর্ব মুহূর্তে পুণ্যার্থীরা নদীতে গোসল এবং কোমরপানিতে দাঁড়িয়ে সূর্যের দিকে মুখ করে কুলায় সাজানো প্রসাদ নিয়ে পূজা শুরু করেন। সূর্য অস্ত যাওয়ার পর সবাই বাড়ি ফিরে যান। পরদিন ভোরে নদীর তীরে সূর্য উদয় হওয়ার পূর্ব মুহূর্ত থেকে একই নিয়মে পূজা শুরু হয়। উদয় হওয়ার পর সূর্যকে প্রণাম করে নদীতে স্নান এবং শরবত পানের মধ্য দিয়ে পূজা শেষ হয়।
সূর্য পূজা করতে আসা ঈশ্বরচন্দ্র গুপ্ত ও শুক্লা সাহা বলেন, ‘ছটপূজার মাধ্যমে সূর্য দেবতা সন্তুষ্ট হন আর আমাদের মনোবাসনা ও মানত পূরণ করে দেন। এ আশায় প্রতিবছর পুনর্ভবা নদীর তীরে এ পূজা করতে আসি। এ ছাড়া পূজায় সবার শান্তি কামনা করা হয়।’