পুনর্ভর্তি ফি আদায়ের বৈধতা নিয়ে জরুরি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান ‘স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজ’–এর অভিভাবকেরা শিক্ষার্থীদের পুনরায় ভর্তি ফি আদায়ের বৈধতা নিয়ে জরুরি সভা করেছেন। গত রোববার রাতে নগরের একটি রেস্তোরাঁয় তাঁরা এ সভা করেছেন।

স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরাম এ সভার আয়োজন করে। এতে উচ্চ আদালতের নির্দেশে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর পুনরায় ভর্তি ফি নেওয়ার বিষয়ে সিলেটের জেলা প্রশাসনের নজরদারি অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য কি না, সে বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় অধ্যাপক সুজাত আলী রফিক, মো. জমির উদ্দিন, আবদুল মালিক, শেখ মো. আজাদ, সৈয়দ কামাল, মো. বিলাল খান, জান্নাত আরা খান, তোফায়েল আহমদ, রুয়াইব আহমদ, মো. মইনুল ইসলাম, বিশ্বজিত রায়, আজমীর আহমদ চৌধুরী অভিভাবক প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন।

সভায় উপস্থিত সবার মতামতের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের পুনরায় ভর্তি বিষয়ে স্কলার্সহোম পরিচালনায় গঠিত হাফিজ মজুমদার ট্রাস্ট সচিবের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার প্রতিষ্ঠিত ‘হাফিজ মজুমদার ট্রাস্ট’–এর মাধ্যমে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম। ১৯৮৫ সাল থেকে ট্রাস্ট প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানও যাত্রা শুরু করে। নগরের শাহি ঈদগাহ, ইলেকট্রিক সাপ্লাই, পাঠানটুলা, শিবগঞ্জ, মেজরটিলা ও দক্ষিণ সুরমা এলাকায় ছয়টি ক্যাম্পাসে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক শিক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৫০০ জন।

গত বছরের জুন মাসে শিক্ষার্থীদের মাসিক বেতন ১ হাজার ৪০০ টাকা থেকে ২ হাজার টাকা বাড়িয়ে দেওয়ায় আন্দোলনে নামেন শিক্ষার্থীদের অভিভাবকেরা। এ সময় গঠিত হয় ‘স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরাম’। আন্দোলনের মুখে অবশ্য বর্ধিত বেতন কমানো হয়েছিল।

সম্প্রতি উচ্চ আদালতের নির্দেশনায় ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর পুনরায় ভর্তি ফি আদায় নিয়ে জেলা প্রশাসনের একটি প্রতিনিধিদল মাঠপর্যায়ে নজরদারি শুরু করে। স্কলার্সহোমেও একই পদ্ধতি প্রচলিত থাকায় এ নিয়ে অভিভাবকেরা করণীয় নির্ধারণে জরুরি সভা করেছেন। সভায় অভিভাবকেরা বছর শেষে স্কলার্সহোমের শিক্ষার্থীদের কাছ থেকে ইংলিশ মিডিয়াম স্কুলের মতো পুনরায় ভর্তি ফি আদায় বন্ধের পক্ষে মত দেন। এ নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় ট্রাস্ট কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত না দিলে আন্দোলন করার পক্ষেও মত দেন অনেক অভিভাবক।