চট্টগ্রাম কলেজ এইচএসসি-৮৬ ব্যাচের প্রথম পুনর্মিলনী কাল শুক্রবার হবে। পতেঙ্গায় চট্টগ্রাম বোট ক্লাবের কনফিডেন্স সিমেন্ট কনভেশন সেন্টারে দিনব্যাপী অনুষ্ঠানে থাকবে স্মৃতিচারণা, নৌ-ভ্রমণ, জাদু প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফল ড্র প্রভৃতি। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন রেড চিলি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে পুনর্মিলনী অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন চট্টগ্রাম কলেজ এইচএসসি-৮৬ ব্যাচ পুনর্মিলনী কমিটির আহ্বায়ক জহির উদ্দিন আহ্মদ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির সদস্য শহীদুল আলম, শাহির আহমেদ, সুজিত কুমার রায়, শফিউল আলম, মোহাম্মদ রফিকুল আলম চৌধুরী প্রমুখ। সংবাদ সম্মেলনে ৮৬ ব্যাচের সবাইকে শুক্রবার সকাল আটটার মধ্যে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে উপস্থিত হতে অনুরোধ জানানো হয়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম