কেউ মাধ্যমিক পরীক্ষায় পাস করেছেন বছর দুয়েক আগে, কেউ বা দেশ স্বাধীন হওয়ার আগে। বয়সের ব্যবধান ভুলে সবাই এক হয়েছিলেন কনকনে শীতের পড়ন্ত বিকেলে। তাঁদের অভিন্ন পরিচয়, সবাই পড়ালেখা করেছেন রাজধানীর ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুলে।গতকাল শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে বসেছিল এ স্কুলের প্রাক্তন ছাত্রদের মিলনমেলা। বিদ্যালয়ের সাবেক ছাত্রদের সংগঠন এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব ধানমন্ডি গভর্নমেন্ট হাইস্কুল (ডেক্সা) এর আয়োজন করে। এখানে এসে তাঁরা একসঙ্গে প্রত্যয় ব্যক্ত করলেন মাদক, ইভ টিজিং ও এসিড সন্ত্রাসকে ‘না’ বলার।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ও দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ এগিয়েছে। এ দেশের অনেক সম্ভাবনা আছে। সে সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। তিনি সবাইকে নিজেদের বদলে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন, নিজেদের বদলাই। সমাজের প্রতি দায়বদ্ধ হই। রাষ্ট্রকে এগিয়ে নিতে সবাইকে দায়িত্ব নিতে হবে।’বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সাংসদ তৌহিদ জং মুরাদ তাঁর স্কুলজীবনের স্মৃতিচারণা করে বলেন, ছাত্রজীবন থেকে শুরু করে এখনো তাঁর স্কুল ও স্কুলের বন্ধুরা পাশে থেকে অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছেন। বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক মুহিবুল্লাহ তাঁর ছাত্রদের দেশসেবার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়ে বলেন, দেশসেবা ঈমানের অঙ্গ।অন্যদের মধ্যে বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফৌজিয়া আহমদ, সভাপতি ইসরার আহমেদ, সাধারণ সম্পাদক এহতেশাম এইচ খান প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ছাত্র মেহেদী মাসুদ।অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক ও ছাত্রদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। উদ্বোধনী পর্ব শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যালয়ের সাবেক ছাত্র এবং পেশাদার শিল্পীরা এতে গান পরিবেশন করেন।