
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী আজ শুক্রবার। এই অনুষ্ঠান ঘিরে শিক্ষক, শিক্ষার্থী ও কুমুদিনী কল্যাণ সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উৎসবের আমেজ চলছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে মেডিকেল কলেজ চত্বরে গিয়ে সবার মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। এরই মধ্যে কুমুদিনী চত্বর নানা রঙের বাতি দিয়ে আলোকসজ্জা করা হয়েছে। কলেজের বিভিন্ন বিভাগ ফুল ও কারুকাজ করে সাজানো হয়েছে। কুমুদিনী চত্বর ও হাসপাতাল সড়কে আঁকা হয়েছে আলপনা।
কলেজ সূত্রে জানা যায়, দানবীর রণদা প্রসাদ সাহার পৌত্র কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহার উদ্যোগে দাদার স্বপ্ন বাস্তবায়নে ২০০১ সালে ৪৫ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। বর্তমানে এখানে ৭৩৯ জন শিক্ষার্থী রয়েছে।
অনুষ্ঠানের আয়োজক কমিটির সভাপতি ও কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ আবদুল হালিম এবং সহসভাপতি কুমুদিনী হাসপাতাল ও উইমেন্স মেডিকেল কলেজের পরিচালক দুলাল চন্দ্র পোদ্দার বলেন, এরই মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানটি ১৬ বছর পার করেছে। তবে শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান এই প্রথম। এতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী ছাড়াও দেশবরেণ্য অতিথিরা উপস্থিত থাকবেন।