পুনর্মিলনী উৎসবের নিবন্ধন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ১৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী উৎসবে অংশ নিতে ইচ্ছুক প্রাক্তন শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়। আগামী ২৩ থেকে ২৫ ডিসেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসব হবে।
নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম কলেজিয়েটসের (চট্টগ্রাম কলেজিয়েট স্কুল প্রাক্তন ছাত্র সমিতি) সভাপতি ও দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। স্বাগত বক্তব্য দেন ১৮০ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী।
পরিষদের সদস্যসচিব মো. মোস্তাক হোসাঈনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী মো. ইব্রাহিম খান, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ-এর উপদেষ্টা সম্পাদক আবুল মোমেন, বে শিপিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাহের সোবহান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক কিউরেটর শামসুল হোসাইন, প্রাবন্ধিক ও গবেষক মাহবুবুল হক, কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুপম কিশোর বড়ুয়া, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইফতেখার আহম্মদ খান, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ-এর সম্পাদক রুশো মাহমুদ, চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ উমর ফারুক, প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার, ডেইলি সান-এর ব্যুরো চিফ আবদুল্লাহ আল মাহমুদ, দৈনিক পূর্বকোণ-এর জ্যেষ্ঠ সহসম্পাদক এস এম শোয়েব খান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এ দেশ তথা উপমহাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসের সাক্ষী। এর অংশ হতে পেরে শিক্ষার্থীরা গর্বিত। পুনর্মিলনী অনুষ্ঠানে তাঁদের উপস্থিতিতে মুখরিত হবে লাল দালানের এই বিদ্যালয়ের আঙিনা।
অনুষ্ঠানে জানানো হয়, চট্টগ্রাম কলেজিয়েটসের আজীবন সদস্য ও তিন দিনব্যাপী পুনর্মিলনী উৎসবে অংশ নিতে ইচ্ছুক দেশ-বিদেশে অবস্থানরত প্রাক্তন ছাত্ররা ccs.repto.co লিংকে লগ ইন করার মাধ্যমে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। অনলাইন ছাড়াও ঢাকা ও চট্টগ্রামের ১২টি পয়েন্টে নিবন্ধন কার্যক্রমের ব্যবস্থা রাখা হবে।