সুবর্ণজয়ন্তীতে প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী সম্মেলনকে ঘিরে এখন উৎসবের আমেজ বিরাজ করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)। আগামী ৩ ও ৪ জানুয়ারি এই সম্মেলন হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সুবর্ণজয়ন্তী উৎসবের মধ্যে একদিকে ওই সম্মেলন আর অন্যদিকে প্রধানমন্ত্রীর আগমন—এ দুইকে ঘিরে বর্ণিল সাজে সাজছে বিশ্ববিদ্যালয়টি। চলছে পুরোদমে প্রস্তুতি। এক হাজার ২০০ একর ক্যাম্পাসের রাস্তা সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজও চলছে। পুনর্মিলনীতে প্রায় ১০ হাজার কৃষিবিদ যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়টিতে গত বছরই সংক্ষিপ্ত আকারে সুবর্ণজয়ন্তী উৎসব পালিত হয়। তবে এ বছর সেটি সাড়ম্বরে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উৎসবে কর্মসূচির মধ্যে থাকছে শোভাযাত্রা, বরেণ্য ব্যক্তিত্বদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান, সেমিনার, ৫০ বছরে বিশ্ববিদ্যালয়ের অর্জন ও উদ্ভাবন নিয়ে প্রযুক্তি মেলা, স্মৃতিচারণা, অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও অ্যালামনাই ট্রাস্ট ফান্ড গঠন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া একটি নবনির্মিত ভাস্কর্যের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।