পুনর্মুদ্রিত সংবিধান স্থগিত করার দাবি বিএনপির
আদালতের রায়ের আলোকে পুনর্মুদ্রণ করা সংবিধান স্থগিত করার দাবি জানিয়েছে বিএনপি। গতকাল মঙ্গলবার রাজধানীতে অনুষ্ঠিত পৃথক অনুষ্ঠানে বিএনপি নেতারা এ দাবি জানান। জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘চিন্তাভাবনা ফাউন্ডেশন’-এর এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, ‘পঞ্চম সংশোধনীর রায়ের ভিত্তিতে সংবিধান পুনর্মুদ্রণ করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এই পুনর্মুদ্রণ সংবিধানের পরিপন্থী। তাই অবিলম্বে এটা স্থগিত করতে হবে।’ একই স্থানে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য এম কে আনোয়ার বলেন, ‘সংবিধান পুনর্মুদ্রণে বুদ্ধিবৃত্তিক চুরি হয়েছে। এখানে কৌশলে বহু বাকশালি আইন ঢুকিয়ে দেওয়া হয়েছে।’ তিনি সংবিধান সংশোধনের ক্ষমতা সংসদের হাতে রাখার পক্ষে যুক্তি তুলে ধরেন। অনুষ্ঠানে কারাবন্দী সম্পাদক মাহমুদুর রহমানের ‘১/১১ থেকে ডিজিটাল’ এবং ‘নবরূপে বাকশাল’ নামে দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।