পঞ্চম সংশোধনীর রায়ের আলোকে সংবিধানের কয়েকটি বিধান পুনর্মুদ্রণ প্রশ্নে রিট আবেদন করা হয়েছে। গতকাল সোমবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি মো. শওকত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটি দাখিল করা হয়। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ১৩ জুন শুনানির দিন ধার্য করেছেন।এর আগে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবদুল হালিম রিট আবেদনটি করেন। এতে আইনসচিবসহ তিনজনকে বিবাদী করা হয়।আইনজীবী আবদুল হালিম প্রথম আলোকে জানান, পুনর্মুদ্রিত সংবিধানের প্রস্তাবনা, ৩৮ ও ৯৯ অনুচ্ছেদ এবং এর কয়েকটি ফুটনোটের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। আদালত ১৩ জুন শুনানির দিন ধার্য করেছেন।আবেদনের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পুনর্মুদ্রিত সংবিধানের প্রস্তাবনায় বিসমিল্লাহির রহমানির রহিম বহাল রাখা হয়েছে। কিন্তু প্রস্তাবনার ফুটনোটে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের রায়ে বিসমিল্লাহকে মার্জনা করা হয়েছে। কিন্তু এই অংশটুকু সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী। পুনর্মুদ্রিত সংবিধানে আদি সংবিধানের ৩৮ অনুচ্ছেদ পুনর্বহাল করা হয়। সেখানে ধর্মের নামে রাজনৈতিক কোনো সংগঠন করা যাবে না, বলা হয়েছে। এটা প্রস্তাবনার সঙ্গে সাংঘর্ষিক। পুনর্মুদ্রিত সংবিধানের ৯৯ অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা না হওয়ার বিষয়ে বলা হয়েছে। অথচ পঞ্চম সংশোধনী মামলার রায়ে উচ্চ আদালত এ বিষয়ে কিছু বলেননি।রিট আবেদন, পুনর্মুদ্রিত সংবিধানের প্রস্তাবনা ও ফুটনোট-১, অনুচ্ছেদ-৩৮ ও এর ফুটনোট-১ এবং অনুচ্ছেদ-৯৯ ও এর ফুটনোট-৩ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—এ মর্মে রুল জারির আবেদন জানানো হয়েছে। রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুনর্মুদ্রিত সংবিধানে থাকা এসব অনুচ্ছেদের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। একই সঙ্গে মুদ্রিত বা পুনর্মুদ্রিত সংবিধানের মূল কপি সরবরাহের জন্য বিবাদীদের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।