পুনর্মূল্যায়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে তাজহাট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রথম ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। সকালে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা শহরের সাতমাথা এলাকা পর্যন্ত ঘুরে পুনরায় ক্যাম্পাসে এসে মানববন্ধন করেন। সেখানে বক্তারা অভিযোগ করেন, তাজহাট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান তাঁর নিজের স্বার্থে প্রথম বর্ষের ছয়জন ও তৃতীয় বর্ষের ১০ জন শিক্ষার্থীকে ব্যবহারিক ও তত্ত্বীয় পরীক্ষায় অকৃতকার্য দেখিয়েছেন। এর ফলে ইনস্টিটিউটের ১৬ জন শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চয়তার মধ্যে পড়েছে। আগামী সোমবারের মধ্যে ফলাফল পুনর্বিবেচনা করা না হলে প্রশাসনিক ভবন ঘেরাও ও ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হবে। এ বিষয়ে অধ্যক্ষ মনিরুজ্জামান বলেন, ‘তাদের (অকৃতকার্য ১৬ শিক্ষার্থী) বিষয়টি বিবেচনা করা হবে।’