পুনর্মূল্যায়নের জন্য পিএসসির উত্তরপত্র জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষার উত্তরপত্রের গোপন কোড ফাঁসের ঘটনায় জেলা শিক্ষা বিভাগ গত শুক্রবার আমতলী বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উত্তরপত্র জব্দ করেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) সাগরিকা রাহা জানান, জব্দ করা উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য ইতিমধ্যে বরিশালের প্রাথমিক শিক্ষা বিভাগের উপপরিচালকের দপ্তরে পাঠানো হয়েছে।
আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (সম্প্রতি শিক্ষা বিভাগের চাকরি ছেড়ে কর বিভাগে যোগদান করেছেন) জেসমিন আকতার ও আমতলী বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমানের বিরুদ্ধে এ বছরের পিএসসি পরীক্ষার উত্তরপত্রের গোপন কোড নম্বর ফাঁস করার অভিযোগ উঠেছে। এরপর পিএসসি পরীক্ষার ফলাফল স্থগিতের দাবিতে বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী-অভিভাবক উপজেলা শিক্ষা দপ্তরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেন। এ বিষয়ে গত শুক্রবার প্রথম আলোয় ‘পিএসসির উত্তরপত্রের গোপন কোড ফাঁসের প্রতিবাদে বিক্ষোভ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর আগে ১০ ডিসেম্বর ‘শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, পিএসসির উত্তরপত্রের গোপন কোড ফাঁস’ শিরোনামে আরেকটি প্রতিবেদন প্রকাশিত হয়।
বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, উত্তরপত্রের গোপন কোড ফাঁস এবং উত্তরপত্রে কারসাজির অভিযোগ তদন্ত করা হচ্ছে।