পুনর্মূল্যায়িত ফলে বাদ পড়া আদিবাসীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৪তম বিসিএসের প্রিলিমিনারির পুনর্মূল্যায়িত ফলে বাদ পড়া আদিবাসীরা ন্যায়বিচার দাবি করে মানববন্ধন করেছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ এবং পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ আয়োজিত এ মানববন্ধনে পুলিশ বাধা না দিলেও তাঁদের মাইক ব্যবহার করতে দেয়নি। শতাধিক আদিবাসী মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে আদিবাসীদের পক্ষে আলবেরিকুশ খালকো বলেন, ‘৩৪তম বিসিএসের প্রিলিমিনারির প্রথম দফার ফলে উত্তীর্ণ ২৮০ জন আদিবাসী দ্বিতীয় দফায় বাদ পড়েছেন। অথচ সরকারি কর্মকমিশন (পিএসসি) বলছে, আগের সবাইকে রেখেই পুনর্মূল্যায়িত ফল দেওয়া হয়েছে। পিএসসির কাছে অনুরোধ, বাদ পড়া আদিবাসী প্রার্থীদের যেন দ্বিতীয় দফার ফলে অন্তর্ভুক্ত করা হয়।’ বঞ্চিত আদিবাসী পরীক্ষার্থীদের পক্ষে বিনয় টপ্যও এ সময় বক্তব্য দেন।পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জ্যোতিষ্মান চাকমা, ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক জেমশন আমলাই ও আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক অনন্ত ধামাই মানববন্ধনে বক্তব্য দেন। ৮ জুলাই ৩৪তম বিসিএসের ফল প্রকাশ করা হয়। এতে ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হন। এবারই প্রথম কোটার ভিত্তিতে ফল দেওয়া হয়। এর ফলে মেধাবী অনেকেই বাদ পড়েছেন অভিযোগ তুলে চাকরিপ্রার্থীরা আন্দোলন শুরু করেন। এরপর ১০ জুলাই ওই ফল পুনর্মূল্যায়নের ঘোষণা দেয় পিএসসি। ১৪ জুলাই পুনর্মূল্যায়িত ফলাফলে ৪৬ হাজার ২৫০ জন লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন। কিন্তু এর পরেই আদিবাসীরা জানতে পারেন, প্রথম দফায় উত্তীর্ণ হলেও পরে অনেকেই বাদ পড়েন।আদিবাসীরা বলেন, বিষয়টি জানার জন্য পিএসসির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাতে সাড়া মেলেনি। ১৬ জুলাই পিএসসি চেয়ারম্যানকে স্মারকলিপি দিয়ে এ বিষয়ে প্রতিকার চাওয়া হয়। কিন্তু তারা এখনো কিছু জানায়নি।