চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের ৩৭তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পুরকৌশল বিভাগ এবং চুয়েট শাখার আইটিএন (ইন্টারন্যাশনাল ট্রেনিং নেটওয়ার্ক) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সহ-উপাচার্য এবং আইটিএনের ব্যবস্থাপক অধ্যাপক মো. হাবিবুর রহমান বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।অনুষ্ঠানে চুয়েটের পুরকৌশল বিভাগের প্রধান মো. জাহাঙ্গীর আলম, মাহমুদ ওমর ইমাম প্রমুখ বক্তব্য দেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চুয়েটের শিক্ষক সুলতান মোহাম্মদ ফারুক, মো. বশির জিশান, মো. সজীব উল্লাহ, মোহাম্মদ ইব্রাহিম খান।দুপুরে বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রযুক্তিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের সহ-উপাচার্য। বিকেলে শিক্ষার্থীদের বিদায়ী ক্রেস্ট এবং আইটিএনের সনদ বিতরণ করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুরকৌশল বিভাগের অধ্যাপক স্বপন কুমার পালিত।