পুরস্কার ঘোষিত জঙ্গি 'বন্দুকযুদ্ধে' নিহত
পুরস্কার ঘোষিত ছয় জঙ্গির একজন শরিফুল গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। পুলিশ বলছে, লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডে এই শরিফুলই নেতৃত্ব দিয়েছিলেন। অভিজিৎকে যেখানে হত্যা করা হয়, সেখানকার ভিডিও ফুটেজে শরিফুলের উপস্থিতি দেখা গেছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনলাইন মুখপত্র ডিএমপি নিউজে গতকাল রোববার বলা হয়, শনিবার রাত পৌনে তিনটার দিকে গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল মেরাদিয়া এলাকায় তল্লাশি অভিযান চালানোর সময় সন্দেহজনকভাবে তিন মোটরসাইকেল আরোহীকে ধাওয়া করে। এ সময় হঠাৎ মোটরসাইকেল আরোহীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় দুজন দৌড়ে পালাতে সক্ষম হলেও গোলাগুলির একপর্যায়ে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য শরিফ গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় খিলগাঁও থানায় একটি হত্যা মামলা ও অস্ত্র মামলা দায়ের হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও কয়েকটি গুলি উদ্ধার হয়েছে। বেলা ৩টা ৪০ মিনিটে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াস মোর্শেদের উপস্থিতিতে সুরতহাল করা হয়। নিহত শরিফুলের শরীরে ১০টি ছিদ্রের মতো জখম ছিল।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) উপকমিশনার (দক্ষিণ) মাশরুকুর রহমান খালেদ সাংবাদিকদের বলেন, ‘প্রথমে আমরা নিহত যুবককে চিনতে পারিনি। পরে দেখি, তাঁর সঙ্গে পুরস্কার ঘোষিত জঙ্গি শরিফুলের মিল রয়েছে। পুরস্কার ঘোষিত জঙ্গি সুমন হোসেন পাটোয়ারিকে নিয়ে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। এর অংশ হিসেবেই খিলগাঁওয়ে আমরা অভিযান চালাই।’
সরেজমিনে দেখা যায়, খিলগাঁওয়ের মেরাদিয়ার বাঁশপট্টির যে জায়গাটিতে ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে, সে এলাকাটি একটি ঝিলের ধারে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই ঝিলটি বালু নদীতে মিশেছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে বাঁশ আসে। তারপর তা রাজধানীর বিভিন্ন জায়গায় পাঠানো হয়। আবাসিক ভবনগুলো রাস্তা থেকে কিছুটা দূরে। দুই ধারেই নানা ধরনের দোকানপাট। গত শনিবারই ঝিলের ধারে বেদে সম্প্রদায়ের লোকজন তাঁবু ফেলেছে। বেদে সম্প্রদায়ের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘আমরা সবে উঠিছি সাহরির আগ দে। তিন-চার মিনিট মতো খই ফোটার মতো গুলি ফুটিছে। প্রথমে ভাবিছিলাম বাজি ফোটাচ্ছে কেউ। আর কি হইচই। তবে রাস্তার পরে এত গাড়ি যাচ্ছে কাউকে আবার ডিস্টার্ব করেনে। ১০ মিনিট মতো একটু হুড়দাড় ছিল।’ কী হয়েছিল দেখেছিলেন কি না— জানতে চাইলে বলেন, ভয়ে তাঁরা সবাই মাটিতে মুখ গুঁজে ছিলেন।
পুলিশ বলছে, নিহত শরিফুল অভিজিৎ রায়সহ সাতটি হত্যায় জড়িত। তিনি সাকিব ওরফে শরীফ ওরফে সালেহ ওরফে আরিফ ওরফে হাদি নামে পরিচিত। নিষিদ্ধঘোষিত আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক ও আইটি শাখার প্রধান ছিলেন তিনি। এ ছাড়া বিভিন্ন অভিযানের জন্য সদস্য নির্বাচন ও সংগ্রহে প্রধান ভূমিকা পালন করে আসছিলেন। গত ১৯ মে লেখক অভিজিৎ রায়, প্রকাশক ফয়সল আরেফিনসহ (দীপন) অন্তত ১০টি হত্যায় জড়িত সন্দেহে ছয়জনকে ধরিয়ে দিতে তাঁদের নাম ও ছবি গণমাধ্যমে প্রকাশ করে ডিএমপি। এই ছয়জন হলেন সুমন, শরিফুল, সেলিম, সিফাত, রাজু ও সাজ্জাদ। শরিফুলকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশ পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল।
নিহত শরিফুলের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে আছে। গতকাল রাত আটটা পর্যন্ত শরিফুলের কোনো স্বজন মর্গে আসেননি। পুলিশ বলছে, শরিফুলের বাড়ি বৃহত্তর খুলনা জেলায়।
এ ঘটনার বিষয়ে জানতে চাইলে অভিজিৎ রায়ের বাবা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক অজয় রায় প্রথম আলোকে বলেন, তদন্তের বিভিন্ন পর্যায়ে তিনি শরিফুলের নাম শুনেছেন। তিনি আরও বলেন, ‘হয়তো শরিফুল বেঁচে থাকলে হত্যাকাণ্ডের মন্ত্রণাদাতা কারা, সে সম্পর্কে জানা যেত। তবে আমি যতটুকু শুনেছি পুলিশ অভিযান চালানোর সময় শরিফুলের সঙ্গীরাও গুলি ছুড়েছে। নইলে পুলিশ তো ওকে জীবিতই ধরতে পারত।’