পুরস্কার দেবে প্রথম আলো ট্রাস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ট্রাস্টভুক্ত মাদকবিরোধী আন্দোলনের পক্ষ থেকে মাদক বিষয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার দেওয়া হবে। আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সংবাদপত্রে প্রকাশিত ও টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনের জন্য দেওয়া হবে ওই পুরস্কার।
প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, ২০১৪ সালের জুন থেকে ২০১৫ সালের মে পর্যন্ত যেকোনো জাতীয় দৈনিকে প্রকাশিত এবং টেলিভিশনে প্রচারিত মাদকবিরোধী প্রতিবেদন জমা দেওয়া যাবে। ধারাবাহিক প্রতিবেদন বিশেষ গুরুত্ব পাবে। প্রতিবেদন পৌঁছাতে হবে জুন মাসের ১ তারিখের মধ্যে।
প্রতি শাখায় থাকবে তিনটি করে পুরস্কার। প্রথম পুরস্কার ৫০ হাজার, দ্বিতীয় পুরস্কার ২৫ হাজার এবং তৃতীয় পুরস্কার ১৫ হাজার টাকা। আগ্রহী প্রতিবেদককে পত্রিকার নাম, প্রকাশের তারিখ এবং প্রকাশিত প্রতিবেদনের মূল কপি ও ২ সেট ফটোকপি পাঠাতে হবে। এ ছাড়া টেলিভিশন প্রতিবেদনের ক্ষেত্রে টেলিভিশন বা রেডিও চ্যানেলের নাম, প্রচারের তারিখ এবং প্রচারিত প্রতিবেদনের সিডি বা ডিভিডি পাঠাতে হবে। সঙ্গে যোগাযোগের ঠিকানাসহ লেখকের এক কপি ছবি ও সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত পাঠাতে হবে। প্রতিবেদন পাঠাতে হবে: প্রথম আলো ট্রাস্ট, সিএ ভবন (ষষ্ঠতলা), ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫ ঠিকানায়।