পুরস্কার নিতে গিয়ে লাশ হয়ে ফেরা
সাধারণ জ্ঞানের প্রতিযোগিতায় প্রথম হওয়ার পুরস্কার আনতে গিয়ে লাশ হয়ে ফিরল মাদ্রাসাছাত্র ফজলে রাব্বী। আর তারই বৃত্তির টাকায় কেনা হলো কাফনের কাপড়। তার এমন আকস্মিক মৃত্যু শুধু পরিবারই নয়, পাড়া-পড়শিরাও মেনে নিতে পারছে না। গতকাল শনিবার বাড়ি থেকে সাইকেলে করে মাদ্রাসায় যাওয়ার পথে ট্রাকের চাপায় মেহেরপুরের আমঝুপি বাজারে তার মৃত্যু হয়। সে সদর উপজেলার আমঝুপি আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র। তার বাড়ি উপজেলার খোকসা গ্রামে।রাব্বির (১৩) বাড়িতে গিয়ে দেখা যায় শোকের মাতম। মা ফুলজান নেছার শুধুই বিলাপ, ‘যাওয়ার সময় বলে গিয়েছিল, মা, প্রতিযোগিতায় প্রথম হয়েছি। আজ পুরস্কার আনব। অথচ ছেলে লাশ হয়ে আসবে তা ভাবিনি।’ মায়ের এমন আর্তি শুনে পাশে অন্যরাও কান্নায় ভেঙে পড়ে।বাবা কৃষক কফিল উদ্দিন অসুস্থ। তিনি জানান, রাব্বি পঞ্চম শ্রেণীতে বৃত্তি পেয়েছিল। গত বৃহস্পতিবার বৃত্তির দুই হাজার ২৩০ টাকা পায় সে। মিষ্টি কেনার জন্য ১০ টাকা নিয়ে বাকি টাকা তাঁর হাতে তুলে দিয়ে বলেছিল ওষুধ কিনতে। কিন্তু ছেলের বৃত্তির টাকা দিয়ে কিনতে হলো কাফনের কাপড়। কফিল উদ্দিনের বড় মেয়ে কানিজ ফাতেমা এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। মেজো ছিল রাব্বি। ছোট ছেলে আবদুর রবের বয়স সাত বছর।সহপাঠী তায়েবুর রহমান বলে, ‘শ্রেণীতে মেধাক্রমে রাব্বি ছিল প্রথম। সে খুবই মিশুক ছিল। তার মৃত্যু শুনে আমরা নির্বাক হয়ে পড়েছিলাম। কেননা আজ তাকে পুরস্কার দেওয়ার কথা ছিল।’ মাদ্রাসার প্রধান শিক্ষক মাহাবুবুল আলম জানান, আন্তমাদ্রাসা প্রতিযোগিতায় প্রায় ৫০০ প্রতিযোগীর মধ্যে সাধারণ জ্ঞানে রাব্বি প্রথম হয়েছিল। আজ সেই পুরস্কার দেওয়ার কথা ছিল। ওর মৃত্যুতে অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। ঘটনার পর পরই বিক্ষুব্ধ গ্রামবাসী মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি বাজারে অবস্থান নেয়। ক্ষোভে-শোকে আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ হয়ে যায়। অবরোধকারীদের সঙ্গে শিক্ষার্থীরাও যোগ দেয়।জানা যায়, ট্রাকটি চালাচ্ছিলেন চালকের সহকারী হানিফ। এলাকাবাসী চালকের সহকারীসহ ট্রাকটি আটক করলেও প্রভাবশালী ব্যক্তিদের চাপে ছেড়ে দিতে হয়। তবে মেহেরপুর সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আনোয়ারুল ইসলাম বলেন, নিহত রাব্বির পরিবার কোনো মামলা করতে রাজি না হওয়ায় চালকের সহকারীকে ছেড়ে দেওয়া হয়।স্থানীয় বাজারের ব্যবসায়ীরা জানান, কয়েক শ গজের ব্যবধানে এই স্থানে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। তাঁরা সেখানে দুটি গতিরোধক নির্মাণের দাবি জানান।