পুরস্কার পাওয়া মৎস্য খামার ধ্বংসের মুখে
মাছের পোনা উৎপাদনে আশির দশকে রাষ্ট্রীয় পুরস্কার পায় নড়াইলের সরকারি কার্প হ্যাচারি৷ বর্তমানে জনবলসংকট এবং সংস্কারের অভাবে পুকুরের পানি ধারণক্ষমতা কমে যাওয়ায় এটি চাষিদের উপকারে আসছে না৷
উৎপাদন বন্ধ থাকায় জেলার প্রায় সাড়ে আট হাজার মৎস্যচাষি উন্নত মানের রেণু পোনা আহরণ থেকে বঞ্চিত হচ্ছেন৷ সরকারও বছরে প্রায় পাঁচ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে৷
হ্যাচারি থেকে জানা গেছে, ১৯৮২ সালে নড়াইল-যশোর সড়কের ভাদুলীডাঙ্গা এলাকার পুরোনো মৎস্য খামারে কার্প হ্যাচারি স্থাপন করা হয়৷ ১৯৮৫-৮৬ সালে মাছের পোনা উৎপাদনে খামারটি রাষ্ট্রীয় পুরস্কার পায়৷ খামারটিকে পোনা উৎপাদনের উপযোগী করে তুলতে ২০০৪ সালে চতুর্থ মৎস্য প্রকল্পের আওতায় ৫৫ লাখ টাকা ব্যয়ে আটটি পুকুর সংস্কারসহ পানি সরবরাহে পাইপলাইন বসানো ও বন্যায় ভেঙে পড়া সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়৷ কিন্তু জনবলের সংকট এবং পুকুরে বালু বেশি থাকায় পানি ধারণক্ষমতা কমে পোনা উৎপাদন ব্যাহত হচ্ছে৷
খামারের ক্ষেত্র সহকারী (রেণু উৎপাদন বিশেষজ্ঞ), পাম্পচালক, নৈশপ্রহরী ও গলদা রেণু উৎপাদন বিশেষজ্ঞের কোনো পদ নেই৷ খামার ব্যবস্থাপকের পদও দীর্ঘদিন ধরে শূন্য৷ বর্তমানে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা খামার ব্যবস্থাপকের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন৷
১৯৯৬ সালে গণপূর্ত বিভাগ কার্যালয় ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করলেও বিকল্প ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে কর্মকর্তারা প্রশাসনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন৷ স্বাদু পানির চিংড়ি চাষ সম্প্রসারণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করতে খামারটিতে চলতি বছরের ২০ এপ্রিল লক্ষ্মীপুর থেকে অসীম দে নামের একজন ক্ষেত্র সহকারীকে প্রেষণে নিযুক্ত করা হয়েছে৷ দুই বছর আগে শুরু করার কথা থাকলেও অর্থ বরাদ্দ না পাওয়ায় প্রকল্পটি আলোর মুখ দেখেনি৷
নাম প্রকাশ না করার শর্তে কার্যালয়ের একজন কর্মকর্তা বলেন, এখান থেকে গলদা চিংড়ির পোনা বিক্রি করে সরকারকে প্রতি মৌসুমে দুই লাখ টাকা এবং স্বাদু মাছের জন্য তিন লাখ টাকা জমা দেওয়ার কথা৷ কিন্তু আর্থিক বরাদ্দ না পাওয়ায় এখানে পোনা উৎপাদিত হচ্ছে না৷ হ্যাচারিতে ডিমওয়ালা মাছ সংরক্ষণেরও কোনো ব্যবস্থা নেই৷
গত ২৯ মে সরেজমিনে দেখা গেছে, পোনা উৎপাদনের জন্য অবকাঠামোগত সুবিধা থাকা সত্ত্বেও খামারের আটটি পুকুরের মধ্যে ছয়টি পুকুরই পানিশূন্য৷
অসীম দে জানান, খামারের পুকুরগুলোর নিচে বালু থাকায় পানি থাকছে না৷ দুটি পুকুরে সামান্য পরিমাণ মাছ থাকায় প্রতিদিন মেশিন দিয়ে পানি দিতে হচ্ছে৷
কার্যালয় সহকারী আবুল কালাম আজাদ বলেন, জনবল না থাকায় খামার পরিচালনায় চরম অসুবিধা হচ্ছে৷
জেলা মৎস্য চাষি সমিতির সভাপতি আকরাম শাহীদ দাবি করেন, জেলায় সাড়ে আট হাজার মৎস্যচাষি রয়েছেন৷ স্থানীয়ভাবে রেণুর দুষ্প্রাপ্যতা, মানসম্মত রেণু না পাওয়া, ফিশ ফিডের দাম বৃদ্ধিসহ নানা কারণে এখানকার চাষিরা চিংড়ি উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলছেন৷ আর অব্যবস্থাপনার কারণে সরকারি হ্যাচারিটি ধ্বংস হতে চলেছে৷ চিংড়ির পোনার পাশাপাশি স্বাদু মাছের পোনা উৎপাদনও দীর্ঘদিন বন্ধ রয়েছে৷
সদর উপজেলা মৎস্য কর্মকর্তা এনামুল হক বলেন, চতুর্থ মৎস্য প্রকল্পের আওতায় খামারটি সংস্কার করা হলেও পানি ধারণক্ষমতা বাড়েনি৷ সংস্কারের সময় তলদেশের মাটিগুলো উত্তোলন করা হলেও সেই পরিমাণ এঁটেল মাটি না দেওয়ায় পুকুরের পানির ধারণক্ষমতা কমে যাচ্ছে৷ ইতিমধ্যেই পাইপলাইন সম্প্রসারণ, গভীর নলকূপ ও বৈদ্যুতিক সরঞ্জাম বসানোর কাজ করা হয়েছে৷