পুরস্কার পাওয়া হাসপাতালে প্রসূতিসেবা বন্ধের উপক্রম!
প্রসূতিসেবায় সাফল্যের জন্য তিনবার জাতীয় ও বিভাগীয় পর্যায়ে পুরস্কার ও সনদ পেয়েছে পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অথচ চিকিৎসক-সংকটে ৫০ শয্যাবিশিষ্ট এ হাসপাতালের প্রসূতিসেবা এখন বন্ধের উপক্রম হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রসূতি মা ও নবজাতকের মৃত্যুহার কমিয়ে আনতে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০০৪ সালে জরুরি প্রসূতিসেবা কার্যক্রম চালু করা হয়। এ জন্য সার্বক্ষণিক একজন অবেদনবিদ (অ্যানেসথেসিয়া) ও গাইনি চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। প্রসূতিসেবায় সফলতা অর্জন করায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২০১৪ সালে জাতীয় এবং ২০১২ ও ২০১৩ সালে বিভাগীয় পর্যায়ে বিশেষ পুরস্কার ও সনদ পায়। কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে সেই স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসূতিসেবা চালাতে গিয়ে এখন হিমশিম খেতে হচ্ছে।
কর্মকর্তারা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিশেষজ্ঞ শারমিন হোসেন গত ২৪ মে ঢাকায় বদলি নিয়ে চলে যান। আর কনিষ্ঠ অবেদনবিদ আতাউর রহমানকে পদোন্নতি দিয়ে ২৭ জুলাই মাগুরা সদর হাসপাতালে বদলি করা হয়। এ অবস্থায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এফ এ আসমা খান ও চিকিৎসক তাসলিমা তামান্না গাইনি চিকিৎসকের কাজ চালাচ্ছেন। আরএমও শফিকুল ইসলামকে দিয়ে অবেদনবিদের কাজ করানো হচ্ছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক শাখা সূত্রে জানা গেছে, প্রসূতিসেবা ব্যাহত হওয়ার বিষয়টি তুলে ধরে ২৭ জুলাই তারা ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের কাছে চিঠি দিয়েছে। এতে জরুরি ভিত্তিতে একজন গাইনি ও একজন অবেদনবিদ দেওয়ার আবেদন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এফ এ আসমা খান বলেন, ‘সমস্যা হচ্ছে। তবে আমরা পালাক্রমে কাজ করে সংকট মোকাবিলার চেষ্টা করছি। আশা করছি, প্রসূতিসেবা কার্যক্রমের জন্য শিগগিরই দুজন চিকিৎসক পাওয়া যাবে।’