পুরস্কার পাওয়ায় সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী-পুরুষের সমতা আনা ও নারীর ক্ষমতায়নের জন্য ‘প্ল্যানেট ফিফটি ফিফটি চ্যাম্পিয়ন’ এবং ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’ পাওয়ায় গতকাল মঙ্গলবার তাঁকে ধন্যবাদ জানিয়ে জাতীয় সংসদে প্রস্তাব গৃহীত হয়েছে। প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকার ও বিরোধী দলের সাংসদেরা বলেন, দেশের একজন নেত্রী জ্বালাও-পোড়াও ও মানুষ পুড়িয়ে মারার রাজনীতি করছেন। আরেকজন সব ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবিলা করে দেশকে এগিয়ে নিচ্ছেন। শেখ হাসিনা বেঁচে না থাকলে বাংলাদেশ আবারও পাকিস্তান হয়ে যেত।

ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন শেখ ফজলুল করিম সেলিম। তিনি বলেন, শেখ হাসিনা অসম্ভবকে সম্ভব করেছেন। তিনি বাংলাদেশকে নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন-মধ্যবিত্ত আয়ের দেশে পরিণত করেছেন। তিনি এখন শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের নেত্রীতে পরিণত হয়েছেন।

এ আলোচনার সময় সংসদে সভাপতির আসনে ছিলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনার শুরুতে উপস্থিত ছিলেন।

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, কোথায় নেই শেখ হাসিনা? জনতার শক্তিতে বলীয়ান হয়ে তিনি সব ষড়যন্ত্র মোকাবিলা এবং জঙ্গি-সন্ত্রাসীদের নির্মূল করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, সব বাধা, ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবিলা করেই পথহারা বাংলাদেশকে সঠিক নেতৃত্ব দিয়ে উন্নয়ন-সমৃদ্ধির পথে নিয়ে গেছেন শেখ হাসিনা। শুধু নারীর নয়, শেখ হাসিনা জনগণের ক্ষমতায়ন করেছেন।

সাবেক মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঠিকানা এখন বাংলাদেশ ছাপিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। জাতিগতভাবে আমাদের প্রধান দায়িত্ব হবে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করা। পৃথিবীর অন্যতম প্রধান নেতা হিসেবে প্রতিষ্ঠা করা।’

সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু বলেন, শেখ হাসিনা হচ্ছেন বাংলাদেশের জনগণের আশীর্বাদ। তিনি শুধু নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্যমুক্ত করেননি, দেশের মানুষকে আত্মমর্যাদাও দিয়েছেন।

চিফ হুইপ আ স ম ফিরোজ বলেন, অসামান্য অবদানের জন্য বাংলাদেশ থেকে যদি কেউ নোবেল পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখেন, তিনি হচ্ছেন একমাত্র শেখ হাসিনাই।

জাসদের মইন উদ্দীন খান বাদল বলেন, শেখ হাসিনা বারংবার আগুনে পুড়ে হয়েছেন খাঁটি সোনা। বিষ হজম করে হয়েছেন নীলকণ্ঠী। বিশ্বের নেতারাও অকপটে বলতে বাধ্য হচ্ছেন, অদম্য স্পৃহায় ১৬ কোটি জনসংখ্যার এই দেশকেই পাল্টে দিয়েছেন শেখ হাসিনা।

জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ বলেন, শেখ হাসিনার এই অর্জনে বিশ্বে বাংলাদেশের মর্যাদা ও ভাবমূর্তি বৃদ্ধি করেছে। বঙ্গবন্ধু যেভাবে সব মানুষকে আপন করে ও বুকে টেনে নিতে পারতেন, শেখ হাসিনাও তেমনি বঙ্গবন্ধুর পথ ধরে রেখে মানুষকে ভালোবেসে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সব নারী আজ উন্নয়নে অংশ নিচ্ছেন। এরই স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, শেখ হাসিনা সফল নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী বলেন, নারীর ক্ষমতায়নে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। আগে দেশের মানুষ ভাবত কী খাব, কী পরব। এখন সেই অবস্থা আর নেই। দেশ থেকে তিনি দারিদ্র্য দূর করে দিয়েছেন।

ধন্যবাদ প্রস্তাবের ওপর আরও আলোচনা করেন জাহাঙ্গীর কবির নানক, আবু সাঈদ আল মাহমুদ, খালিদ মাহমুদ চৌধুরী, ফারুক খান, হাছান মাহমুদ, মেহের আফরোজ চুমকি, নুরুজ্জামান আহমেদ, তাজুল ইসলাম, সাগুফতা ইয়াসমীন, ফজিলাতুন নেসা বাপ্পি, এ কে এম শাহজাহান কামাল, মোহাম্মদ আবদুল্লাহ, সানজিদা খানম, তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারী, জাতীয় পার্টির সেলিম উদ্দিন ও পীর ফজলুর রহমান।