পুরস্কার পাচ্ছে র্যাব
বন্য প্রাণী রক্ষায় ‘বিশেষ অবদান’ রাখায় ২০১৫ সালের বঙ্গবন্ধু বন্য প্রাণী পুরস্কারের জন্য মনোনীত হয়েছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। একই সঙ্গে এ পুরস্কার পাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনিরুল এইচ খান।
এ ছাড়া পরিবেশ সংরক্ষণ ও দূষণ রোধে অবদানের জন্য জাতীয় পরিবেশ পদকের জন্য মনোনীত হয়েছেন আইনজীবী মনজিল মোরসেদ এবং চ্যানেল আইয়ের পরিচালক আব্দুল মুকিত মজুমদার। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই পদক দেবেন।
গতকাল শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে পরিবেশ ও বন মন্ত্রণালয়। প্রতিবছরের ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসের দিন জাতীয় পরিবেশ পদক ও বন্য প্রাণী পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি ও জাতীয় বৃক্ষমেলা শুরু হয়। এ বছর নানা কারণে নির্ধারিত দিনে ওই অনুষ্ঠান শুরু হয়নি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব কামালউদ্দিন আহমেদ বলেন, মনজিল মোরসেদ পরিবেশ রক্ষায় আইনি লড়াই করায় তাঁকে এই পদক দেওয়া হবে। মুকিত মজুমদার বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে প্রকৃতি ও জীবন নামে একটি অনুষ্ঠান করে পরিবেশ ও বন্য প্রাণী বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করে তুলছেন।