পুরস্কার পেল আই-জেনের চূড়ান্ত প্রতিযোগীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরস্কার পেল আই-জেন প্রতিযোগিতার চূড়ান্ত প্রতিযোগীরা। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ও কলেজ। প্রথম রানারআপ হয়েছে হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় এবং দ্বিতীয় রানারআপ হয়েছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।

আই-জেন পুরস্কার
আই-জেন পুরস্কার

প্রতিযোগিতার সেরা হিসেবে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের পাঁচ প্রতিযোগী পেয়েছে ২৫ লাখ টাকার পুরস্কার ও একটি করে ল্যাপটপ। এ ছাড়া ওই স্কুল পেয়েছে মাইক্রোসফটের সৌজন্যে একটি কম্পিউটার ল্যাব। প্রথম রানারআপ ও দ্বিতীয় রানারআপ পেয়েছে যথাক্রমে ১০ লাখ ও ৫ লাখ টাকার পুরস্কার। আজ মঙ্গলবার বিকেলে প্রথম আলো কার্যালয় মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে গ্রামীণফোনের জ্যেষ্ঠ পরিচালক (কমিউনিকেশন) নেহাল আহমেদ পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের তরুণেরা ইন্টারনেটের সুবিধা গ্রহণ করে এগিয়ে যাচ্ছে।

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান অনুষ্ঠানের পৃষ্ঠপোষক, প্রতিযোগী ও অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এত বড় পরিসরে একটা অনুষ্ঠান করতে পেরে আমরা সবার কাছে কৃতজ্ঞ। আমরা তরুণ, কিশোর, ছাত্রদের সঙ্গে থাকতে চাই। আমরা বিজ্ঞানবিষয়ক পত্রিকা বের করছি।’ ইন্টারনেট ব্যবহারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘প্রথম আলো এখন ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের ২১০টি দেশ থেকে দেখা হচ্ছে। ফেসবুকে আমাদের প্রথম আলোর পেজে লাইকের সংখ্যা এক কোটি ছাড়িয়ে গেছে, যা বিশ্বের গণমাধ্যমবিষয়ক পেজগুলোর মধ্যে ৯১তম।’

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মোস্তাফা জব্বার বলেন, ‘আমরা এখন ইন্টারনেট সভ্যতায় বসবাস করছি। ইন্টারনেটেই লেখাপড়া বা খেলাধুলা করছে তরুণেরা।’ ইন্টারনেট ব্যবহারে সুবিধার জন্য এর গতি বাড়ানো ও দাম কমানোর প্রতি গুরুত্ব দেন তিনি।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, গ্রামীণফোনের হেড অব মার্কেটিং সোলায়মান আলম, বহির্যোগাযোগ বিভাগের প্রধান সৈয়দ তালাত কামাল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সহকারী ভাইস প্রেসিডেন্ট সামিয়া চৌধুরী, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, প্রধান বার্তা সম্পাদক লাজ্জাত এনাব মহছি, এখানেইডটকমের সিইও সৈলেন্দ্র নাথান, মার্কেটিং ডিরেক্টর শাহেদ রেদওয়ান, উরি ব্যাংকের ডিজিএম ও হেড অব ব্রাঞ্চ নিয়াজ উদ্দিন খান, বিজনেস রিলেশন ম্যানেজার মো. রিয়াজ উদ্দিন, চ্যানেল আইয়ের প্রধান অনুষ্ঠান সমন্বয়ক তাহের শিপন, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশন সিএসসি প্রমুখ।

আই-জেন প্রতিযোগিতায় দেশের দুই হাজার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৮ লাখ ৭০ হাজার প্রতিযোগী অংশ নেয়। দীর্ঘ ১০ মাস ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তির নানান প্রশিক্ষণ আর চার ধাপের প্রতিযোগিতায় শেষ পর্যন্ত টিকে থাকে চারটি স্কুল৷ প্রতিযোগিতার মাধ্যমে চট্টগ্রামের সিলভার বেলস কিন্ডারগার্টেন অ্যান্ড গার্লস হাইস্কুল, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল চূড়ান্ত পর্বে পৌঁছে যায়। আর দর্শকদের ভোটে ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে চূড়ান্ত পর্বে সুযোগ পায় হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ও কলেজের মো. ইশরাক আহসান, অর্হিত বিশ্বাস, শামস্ উদ্দিন স্বপ্নিল, ওয়াসিফ জালাল ও সাদমান আমিন। হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের আবির হাসান, ইশতিয়াক আহমেদ, ইফতেখার আহমেদ, প্লাবন তালুকদার ও ইকবাল হোছাইন। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সাইমুন শিহাব, মাইশা মান্নান, হাসিব বিন আহমেদ, সামি আশফাক ও শেখ সাদিক।

গ্রামীণফোন ও প্রথম আলোর উদ্যোগে আই-জেন ২০১৫ আয়োজনে সহযোগিতা করেছে শিক্ষা মন্ত্রণালয়। সহযোগী হিসেবে ছিল অ্যালপেনলিবে, মাইক্রোসফট, অপেরা মিনি, এখানেইডটকম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, উরি ব্যাংক, রেডিও ফুর্তি ও চ্যানেল আই।