আই-জেনে অংশ নেয় দেশের দুই হাজার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৮ লাখ ৭০ হাজার প্রতিযোগী তিন বিজয়ী স্কুলদল পেয়েছে ৪০ লাখ টাকা পুরস্কার
পুরস্কার পেল আই-জেনের চূড়ান্ত বিজয়ীরা
পুরস্কৃত হলো আই-জেন প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীরা। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ও কলেজ। প্রথম রানারআপ হয় হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় এবং দ্বিতীয় রানারআপ হয় বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।
সেন্ট যোসেফ স্কুলের পাঁচ প্রতিযোগী পুরস্কার হিসেবে পাঁচ লাখ টাকা করে মোট ২৫ লাখ টাকা পেয়েছে। এ ছাড়া সেন্ট যোসেফ স্কুল কম্পিউটার ল্যাব তৈরির জন্য মাইক্রোসফটের সৌজন্যে আটটি কম্পিউটার পেয়েছে। প্রথম রানারআপ পাঁচ শিক্ষার্থী ২ লাখ টাকা করে ১০ লাখ এবং দ্বিতীয় রানারআপ পাঁচ শিক্ষার্থী ১ লাখ করে ৫ লাখ টাকা পুরস্কার পেয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে প্রথম আলো কার্যালয়ের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মোস্তাফা জব্বার বলেন, ‘আমরা এখন ইন্টারনেট সভ্যতায় বসবাস করছি। ইন্টারনেটেই লেখাপড়া বা খেলাধুলা করছে তরুণেরা।’ ইন্টারনেট ব্যবহারের সুবিধার জন্য এর গতি বাড়ানো ও দাম কমানোর প্রতি গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে গ্রামীণফোনের জ্যেষ্ঠ পরিচালক (কমিউনিকেশন) নেহাল আহমেদ পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের তরুণেরা ইন্টারনেটের সুবিধা গ্রহণ করছে ও এগিয়ে যাচ্ছে। গ্রামীণফোন এই উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত।

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান অনুষ্ঠানের পৃষ্ঠপোষক, প্রতিযোগী ও অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এত বড় পরিসরে একটা অনুষ্ঠান করতে পেরে আমরা সবার কাছে কৃতজ্ঞ। আমরা তরুণ, কিশোর, ছাত্রদের সঙ্গে থাকতে চাই।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সহকারী ভাইস প্রেসিডেন্ট সামিয়া চৌধুরী, উরি ব্যাংকের ডিজিএম ও হেড অব ব্রাঞ্চ নিয়াজ উদ্দিন খান, এখানেই ডটকমের সিইও সৈলেন্দ্র নাথান প্রমুখ। উপস্থিত ছিলেন সেন্ট যোসেফ স্কুলের অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশন সিএসসি, গ্রামীণফোনের হেড অব মার্কেটিং সোলায়মান আলম, বহিঃযোগাযোগ বিভাগের প্রধান সৈয়দ তালাত কামাল, এখানেই ডটকমের মার্কেটিং ডিরেক্টর শাহেদ রেদওয়ান, উরি ব্যাংকের বিজনেস রিলেশনশিপ ম্যানেজার মো. রিয়াজ উদ্দিন, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, চ্যানেল আইয়ের প্রধান অনুষ্ঠান সমন্বয়ক তাহের শিপন প্রমুখ।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো সেন্ট যোসেফ স্কুলের মো. ইশরাক আহসান, অর্হিত বিশ্বাস, শামস্ উদ্দিন স্বপ্নিল, ওয়াসিফ জালাল ও সাদমান আমিন। হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের আবির হাসান, ইশতিয়াক আহমেদ, ইফতেখার আহমেদ, প্লাবন তালুকদার ও ইকবাল হোছাইন। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের সাইমুন শিহাব, মাইশা মান্নান, হাসিব বিন আহমেদ, সামি আশফাক ও শেখ সাদিক।
আই-জেনে অংশ নিয়েছে দেশের দুই হাজার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৮ লাখ ৭০ হাজার প্রতিযোগী। দীর্ঘ ১০ মাস ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তির নানা প্রশিক্ষণ আর পাঁচ ধাপের প্রতিযোগিতা শেষে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় টিকে থাকে চারটি স্কুল দল৷ এই স্কুলগুলো হলো চট্টগ্রামের সিলভার বেলস কিন্ডারগার্টেন অ্যান্ড গার্লস হাইস্কুল, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল। আর দর্শকদের ভোটে পঞ্চম দল হিসেবে ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে চূড়ান্ত পর্বে সুযোগ পায় হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়।
গ্রামীণফোন ও প্রথম আলোর উদ্যোগে আই-জেন ২০১৫ আয়োজনে সহযোগিতা করেছে শিক্ষা মন্ত্রণালয়। সহযোগী হিসেবে ছিল অ্যালপেনলিবে, মাইক্রোসফট, অপেরা মিনি, এখানেইডটকম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, উরি ব্যাংক, রেডিও ফুর্তি ও চ্যানেল আই।