পুরস্কার পেল প্রথমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমর একুশে গ্রন্থমেলায় গতকাল বাংলা একাডেমি পরিচালিত চারটি পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়েছে। এই পুরস্কারগুলো দেওয়া হয় চার গুণীজনের নামে মেলায় প্রকাশিত বইয়ের প্রকাশনার সংখ্যা, গুণমান ও স্টলের অঙ্গসজ্জার জন্য। এতে ২০১৭ সালে প্রকাশিত বইগুলো বিবেচনা করা হয়েছে।

বিষয়-বৈচিত্র্য এবং সর্বাধিক গুণমানসম্পন্ন বই প্রকাশের জন্য এবার ‘চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার-২০১৮’ পেয়েছে প্রথমা প্রকাশন।

গুণমানের বিচারে সেরা বই প্রকাশের জন্য মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার পেয়েছে তিনটি প্রতিষ্ঠান। বই ও প্রকাশনাগুলো হলো অলকানন্দা প্যাটেল রচিত পৃথিবীর পথে হেঁটে গ্রন্থের জন্য বেঙ্গল পাবলিকেশনস, সুফি মুস্তাফিজুর রহমান রচিত বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক উত্তরাধিকার গ্রন্থের জন্য জার্নিম্যান বুকস এবং মঈন আহমেদ সম্পাদিত মিনি বিশ্বকোষ পাখি গ্রন্থের জন্য সময় প্রকাশন। শিশুতোষ গ্রন্থের মধ্য থেকে গুণমান বিচারে সর্বাধিক গ্রন্থ প্রকাশের জন্য চন্দ্রাবতী একাডেমিকে দেওয়া হয়েছে রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার।

এ ছাড়া ২০১৮ সালের অমর একুশে গ্রন্থমেলায় অংশগ্রহণকারী প্রকাশনাগুলোর স্টলের নান্দনিক অঙ্গসজ্জায় সেরা প্রতিষ্ঠান হিসেবে কথাপ্রকাশ পায় শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার। গতকাল শনিবার সন্ধ্যায় মেলার তথ্যকেন্দ্র থেকে মাইকে এই পুরস্কার ঘোষণা করা হয়। মেলার শেষ দিন ২৮ ফেব্রুয়ারি সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব পুরস্কার প্রদান করা হবে। গতকাল অমর একুশে গ্রন্থমেলার মূল মঞ্চে শিশু-কিশোর চিত্রাঙ্কন, সংগীত প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্বজিৎ ঘোষ। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।

বিকেলে গ্রন্থমেলার মূল মঞ্চে ছিল ‘দেশ বিভাগের সত্তর বছর’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন ইমানুল হক। আলোচনায় অংশগ্রহণ করেন সৈয়দ হাসান ইমাম। সভাপতিত্ব করেন কামাল লোহানী।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল ইমন চৌধুরীর পরিচালনায় নৃত্য সংগঠন ‘ফাল্গুনী সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা’র পরিবেশনা। গান শোনান তাপসী ঘোষ, মুন্নী কাদের, ফারহানা শিরিন, মোক্তার হোসেন এবং এম এম উম্মে রুমা।