পুরস্কার পেলেন ছয় সাংবাদিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদকবিরোধী সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার বিজয়ী ছয় সাংবাদিকের সঙ্গে অতিথিরা ষ ছবি: প্রথম আলো
মাদকবিরোধী সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার বিজয়ী ছয় সাংবাদিকের সঙ্গে অতিথিরা ষ ছবি: প্রথম আলো

মাদকবিরোধী সেরা প্রতিবেদনের জন্য সংবাদপত্র, টেলিভিশন ও রেডিওর ছয় সাংবাদিক পেলেন প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী সেরা প্রতিবেদন পুরস্কার ২০১৩। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে কারওয়ান বাজারের সিএ ভবনের দশম তলায় আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন সাংসদ ও নাট্যব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ, প্রথম আলো ট্রাস্টের চেয়ারম্যান আজিজ খান, প্রথম আলোর দুই সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম ও আনিসুল হক। পুরস্কার বিজয়ীদের মধ্যে সংবাদপত্র শাখায় দৈনিক বাংলাদেশ সময়-এর প্রতিবেদক ইকবাল হাসান ফরিদ প্রথম, যশোরের দৈনিক লোকসমাজ-এর প্রতিবেদক মোস্তফা রুহুল কুদ্দুস দ্বিতীয় এবং সাপ্তাহিক কাগজ-এর প্রতিবেদক রাহাত মিনহাজ তৃতীয় পুরস্কার পেয়েছেন। আর টেলিভিশন ও রেডিও শাখায় এসএ টিভির নিজস্ব প্রতিবেদক সাজ্জাদ পারভেজ প্রথম, এবিসি রেডিওর জ্যেষ্ঠ প্রতিবেদক শাহনাজ শারমীন দ্বিতীয় এবং বৈশাখী টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক দীপু সারোয়ার তৃতীয় পুরস্কার পেয়েছেন। প্রথম স্থান অধিকারীরা ৫০ হাজার, দ্বিতীয় স্থান অধিকারীরা ৩০ হাজার এবং তৃতীয় স্থান অধিকারীরা ২০ হাজার করে টাকা এবং সনদ ও ক্রেস্ট পেয়েছেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আসাদুজ্জামান নূর বলেন, ‘অনেক রকমের নেশা আছে। কবিতার নেশা, গানের নেশা, চলচ্চিত্রের নেশা—আরও কত কত নেশা। যে নেশা জীবন ধ্বংস করে দেয়, সেই নেশা কেন করতে হবে। তাঁর নির্বাচনী এলাকা নীলফামারীর উল্লেখ করে তিনি বলেন, সীমান্তসংলগ্ন শহরগুলোতে মাদক, বিশেষ করে ফেনসিডিল একটা বড় সমস্যা। প্রায় প্রতি বাড়িতেই এই সমস্যা সৃষ্টি হচ্ছে। মাদক অপরাধীদের পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। কিছুদিন পরেই তারা আবারও জামিনে বেরিয়ে একই অপরাধ করছে। কীভাবে বেরিয়ে আসে, তা-ও বুঝি না।’ মাদক ব্যবসায়ীদের চূড়ান্ত শাস্তির ব্যবস্থা করা উচিত। তিনি বলেন, শুধু আইন করে পুলিশ দিয়ে ধরিয়ে এ সমস্যার সমাধান সম্ভব নয়। এর জন্য সমাজের সর্বস্তরের চেষ্টা প্রয়োজন।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ বলেন, আইনে কোনো ফাঁকফোকর নেই। ফাঁকফোকর তৈরি করা হয়। বিচার-প্রক্রিয়ার ধীরগতির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এখন নিম্ন আদালতে ২৫ বছর আগের মামলার বিচার চলছে। বিচারব্যবস্থা গতিশীল না হলে এখন যে মামলাগুলো হচ্ছে, সেগুলোর বিচার হবে ২৫ বছর পর। তখন এই মামলাগুলোর বাদী খুঁজে পাওয়া যাবে না, সাক্ষীদের পাওয়া যাবে না।

পুলিশের কাজের বাধাগুলো উল্লেখ করে বেনজীর আহমেদ বলেন, কেউই সাক্ষী হতে চান না। একটা এলাকায় ঘটনা ঘটলে এলাকাবাসী চান পুলিশকে এড়িয়ে চলতে। পুলিশ কাউকে সাক্ষী করতে চাইলে তিনি ভাবেন, তাঁকে হয়রানি করা হচ্ছে। কেউ যদি সাক্ষী না হন, তাহলে মামলা চলবে কী করে। তিনি বলেন, এমনও হয়েছে, ৫৬-৫৭ বার মাদক মামলার একই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর এসব আসামি আদালতে গেলে তাঁদের সাহায্যের জন্য এগিয়ে আসেন আইনজীবীরা। আগে কোনো টাকা দেওয়া লাগে না। আসামি খালি ওকালতনামায় সই দেন। তিনি বলেন, মাদক অপরাধ নির্মূলে আইনগত ব্যবস্থার পাশাপাশি সামাজিক ব্যবস্থা প্রয়োজন। শুধু পুলিশ বা বিচারব্যবস্থা নয়, প্রয়োজন সম্মিলিত প্রয়াস।

প্রথম আলো ট্রাস্টের চেয়ারম্যান আজিজ খান বলেন, মাদক নির্মূলের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা। আর এ ক্ষেত্রে গণমাধ্যম সবচেয়ে জোরালো ভূমিকা পালন করতে পারে। সে জন্যই প্রথম আলো ট্রাস্ট এ পুরস্কার প্রদানের উদ্যোগ নিয়েছে। যত বেশি সচেতনতা সৃষ্টি হবে, তত বেশি মানুষ মাদক থেকে দূরে থাকবে। আনিসুল হক বলেন, ‘আমরা পাঠকদের বোঝানোর চেষ্টা করি, মাদক নিয়ো না, নিলে ছাড়তে পারবে না। মধ্যবিত্তের ঘর ভরে গেছে শরৎচন্দ্রের দেবদাস-এ।’

একসময়ের মাদকাসক্ত যুবক আবদুল্লাহ আল মামুন বলেন, ১৭ বছর ধরে মাদক সেবনের পর ১৮ মাস ধরে তিনি মাদক নিরাময় প্রতিষ্ঠান আপনগাঁওয়ে কাজ করছেন, সুস্থ জীবন যাপন করছেন। তিনি বলেন, শিক্ষাজীবনে মাদক ধরেছিলেন। এরপর কর্মজীবনে ঢুকেছেন, বিয়ে করেছেন, বাবা হয়েছেন কিন্তু ছাড়তে পারেননি ফেনসিডিল। একপর্যায়ে তাঁর চাকরি চলে যায়। পরে পরিবারের লোকজনের সঙ্গে পরামর্শ করে তিনি আপনগাঁওয়ে যান।

প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী আন্দোলনের উপদেষ্টা মোহিত কামাল বলেন, মাদক নিয়ন্ত্রণে আন্তর্দেশীয় নীতিমালা প্রয়োজন। তিনি বলেন, ইদানীং ছেলেদের পাশাপাশি মেয়েরাও মাদকাসক্ত হচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কণ্ঠশিল্পী আসিফ আকবর, ডেইলি স্টার-এর নির্বাহী সম্পাদক ও প্রতিযোগিতার বিচারক সৈয়দ বদরুল আহসান, পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক শাহনাজ শারমীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলো ট্রাস্টের আজিজা আহমেদ। সমাপনী বক্তব্য দেন বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি সাইদুজ্জামান।

প্রতিযোগিতায় বিচারকমণ্ডলীর সদস্য ছিলেন ডেইলি স্টার-এর নির্বাহী সম্পাদক সৈয়দ বদরুল আহসান, মিডিয়া উন্নয়নকর্মী মুহাম্মদ জাহাঙ্গীর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক কাবেরী গায়েন।