পুরস্কার পেলেন রাসেল রায়হান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান প্রথমা প্রকাশন প্রণীত জীবনানন্দ দাশ পাণ্ডুলিপি পুরস্কার, ২০১৫ গ্রহণ করেছেন তরুণ কবি রাসেল রায়হান। তিনি তাঁর বিব্রত ময়ূর কাব্যগ্রন্থের পাণ্ডুলিপির জন্য এ পুরস্কার পেয়েছেন।

গতকাল সোমবার জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী মিলনায়তনে এই পুরস্কার প্রদান করা হয়। রাসেল রায়হান জীবনানন্দ দাশ পাণ্ডুলিপি পুরস্কারের প্রথম বিজয়ী।

অনুষ্ঠানের শুরুতে জীবনানন্দ দাশ পাণ্ডুলিপি পুরস্কার প্রবর্তনের পটভূমি বর্ণনায় প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ বলেন, ফারুক মঈনউদ্দীনের অনুবাদে জীবনানন্দ-গবেষক ক্লিনটন বি সিলির আ পোয়েট অ্যাপার্ট বইটি অনন্য জীবনানন্দ নামে ২০১১ সালে প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত হয়। এ বই থেকে রয়্যালটি হিসেবে প্রাপ্য অর্থ ব্যক্তিগতভাবে গ্রহণ না করে ক্লিনটন বি সিলি এই টাকায় বাংলাদেশের তরুণ কবিদের জন্য কিছু করার প্রস্তাব দেন। সে প্রস্তাব গ্রহণ করে তাঁর রয়্যালটির অর্থের সঙ্গে সমপরিমাণ অর্থ যোগ করে তরুণ কবিদের জন্য একটি পাণ্ডুলিপি পুরস্কার প্রবর্তন ও পুরস্কার পাওয়া পাণ্ডুলিপিটি গ্রন্থাকারে প্রকাশের উদ্যোগ নেওয়া হয় প্রথমা প্রকাশন থেকে।

এ পর্যায়ে পুরস্কার হিসেবে রাসেল রায়হানের হাতে ২৫ হাজার টাকার একটি চেক ও সনদ তুলে দেন আ পোয়েট অ্যাপার্ট-এর অনুবাদক কথাসাহিত্যিক ফারুক মঈনউদ্দীন। সভাপতির বক্তব্যে জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী বলেন, একজন কবির প্রতিভার সঙ্গে চিন্তার সংযোগ থাকাটা জরুরি। ওনার (রাসেল রায়হান) মধ্যে কবিত্ব আছে এবং উনি কবি। কেবল কবিতার লেখক নন। পুরস্কারপ্রাপ্তির অনুভূতি ব্যক্ত করতে গিয়ে রাসেল রায়হান বলেন, পুরস্কার পেলে সামান্য আলো আসে। কিন্তু তার চেয়ে ভালো লেখার চাপ তৈরি হয়।