পুরস্কার পেলেন স্বাস্থ্যকর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার দীঘিরচালা কমিউনিটি সেন্টারের স্বাস্থ্যকর্মী শাকিলা বিবি ওরফে নীলাকে পুরস্কৃত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গতকাল শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে এক অনুষ্ঠানে তাঁকে পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা ও সমঞ্চাননা দেওয়া হয়।গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলী হায়দার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কমিউনিটি ক্লিনিক প্রকল্পের পরিচালক মাখদুমা নার্গিস, গাজীপুরের সিভিল সার্জন সৈয়দ হাবিব উল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া রহমান প্রমুখ।গত ২৭ মার্চ হরতাল চলাকালে শাকিলা চিকিৎসার জন্য এক গর্ভবতী নারীকে সিএনজিচালিত অটোরিকশাযোগে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। ঢাকা-গাজীপুর সড়কের নলজানী সিয়াম ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে পিকেটারদের কবলে পড়ে। একপর্যায়ে অটোরিকশাটি উল্টে যায়। পরে পিকেটাররা অটোরিকশাটি ভাঙচুর করে পালিয়ে যায়। এতে স্বাস্থ্যকর্মী শাকিলা ও গর্ভবতী নারীসহ চারজন আহত হন। আহত অবস্থায়ও শাকিলা ওই গর্ভবতী নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরদিনই ওই গর্ভবতী নারী এক সুস্থ শিশুর জন্ম দেন। ওই ঘটনায় ২৮ মার্চ প্রথম আলোয় ‘পিকেটারদের ধাওয়ায় অটোরিকশা উল্টে অন্তঃসত্ত্বা নারী আহত’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।