চারদিকে একঝাঁক খুদের ছোটাছুটি। আনন্দ-উল্লাসের সঙ্গে কারও কারও কান্নাও শোনা যাচ্ছে। মেতে উঠেছে তারা নিজেদের নিয়েই। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর রূপসী বাংলা হোটেলের উইন্টার গার্ডেনে ‘মেরিল বেবি আদরে গড়া ভবিষ্যৎ ২০১২’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দৃশ্যটি ছিল এমন। দেশের প্রায় এক লাখ মা তাঁদের সোনামণিকে ঘিরে স্বপ্ন এসএমএসের মাধ্যমে পাঠিয়ে এই প্রতিযোগিতায় অংশ নেন। তাঁদের মধ্যে থেকে ১০০ জন নির্বাচিত মাকে নিয়ে গতকাল এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাঁদের মধ্যে প্রথম পুরস্কার পেয়েছেন রংপুরের মা পারভীন বেগম। সোনামণিকে নিয়ে লেখা তাঁর স্বপ্নটি ছিল, ‘এমন একজন ভালো মানুষ বানানো, যে কখনো অন্যের বোঝা হবে না, বরঞ্চ সে অন্যের বোঝা বহন করতে পারে।’ পারভীন বলেন, ‘খুব ছোটবেলায় বিয়ে হয়েছিল আমার, স্বামী মারা যাওয়ায় বাবার বাড়িতে ভাইদের বোঝা হয়ে ছিলাম। বাবা-মা মারা গেলে আবার বিয়ে দেয় ভাইয়েরা। আমার মেয়ে রুবাইয়া জান্নাত জন্মের পর ওকে নিয়ে আমার বেঁচে থাকা।’ প্রথম পুরস্কার পেয়ে এভাবেই নিজের গল্প বললেন পারভীন বেগম।দ্বিতীয় পুরস্কার পেয়েছেন মেহেরপুরের মা চন্দনা দাশ। তাঁর স্বপ্ন, মেয়ে শাশ্বতী দাশকে দক্ষ সংবাদ পাঠিকা হিসেবে দেখতে চান। তিনি বলেন, ‘আমার জীবনে সংবাদ পাঠিকা হওয়ার স্বপ্ন ছিল, যা আমি আমার মেয়েকে দিয়ে পূরণ করতে চাই।’বিজয়ী দুই মায়ের হাতে প্রথম পুরস্কারের ১০ লাখ টাকার শিক্ষাবিমা ও ক্রেস্ট এবং দ্বিতীয় পুরস্কারের পাঁচ লাখ টাকার শিক্ষাবিমা ও ক্রেস্ট তুলে দেন নারী উন্নয়নকর্মী রাশেদা কে চৌধূরী, শিল্পী শিশির ভট্টাচার্য্য, স্কয়ার গ্রুপের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র ও পরিচালক সানজু এ চৌধুরী।অনুষ্ঠানে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর ধারণকৃত বক্তব্য প্রচার করা হয়। সেই বক্তব্যে তিনি বলেন, ‘স্কয়ার স্বপ্ন দেখে সুন্দর ভবিষ্যতের। আর এ ভবিষ্যতের জন্য শিশু সুরক্ষা জরুরি। তাই শিশুদের জন্য সুস্বাস্থ্য, শিক্ষা নিশ্চিত করতে আমাদের এই আয়োজন।’ রত্না পাত্র বলেন, ‘আমাদের প্রত্যাশা সন্তানেরা সবার আদর, মমতা, ভালোবাসা ও সুরক্ষায় বেড়ে উঠবে। এ জন্য প্রথম বাংলা ইন্টারঅ্যাকটিভ ওয়েবসাইট “সুপার মম” গড়ে তোলা হয়েছে। যেখানে শিশুবিষয়ক পরামর্শ দিতে খোলা রয়েছে ২৪ ঘণ্টা টেলিসেবা।’ অনুষ্ঠানের শুরুতেই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। সংগীত পরিবেশন করেন নকীব খান, তাঁর মেয়ে ফাবিহা ও শাকিলা জাফর। নৃত্য পরিবেশন করেন শামীম আরা নীপা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুনমুন।