গ্রামাঞ্চলে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নবজাতক ও মাতৃমৃত্যু রোধে বিশেষ অবদান রাখায় ঠাকুরগাঁওয়ের ৫০ নারী স্বাস্থ্য স্বেচ্ছাসেবীকে পুরস্কৃত করেছে এমএনএইচ কমিটির উদ্যোগে সিভিল সার্জন কার্যালয়।
গতকাল বুধবার ঠাকুরগাঁও এমএনএইচ কমিটির উদ্যোগে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিভিল সার্জন মো. আফজাল হোসেন তরফদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি ছিলেন ইউএনএফপিএর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর পিমাটাভেরো পিচ্চিন ও সংস্থা সমন্বয়কারী প্রসন্ন গুনাসেকারা এবং ইএসডিওর নির্বাহী পরিচালক মুহমঞ্চদ শহীদ উজ জামান।
পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক তারিকুল ইসলাম ও ঠাকুরগাঁও বিএমএর সভাপতি আবু মো. খয়রুল কবির অনুষ্ঠানে মাতৃ ও শিশুমৃত্যু রোধে এমএনএইচ প্রকল্পের সাফল্য তুলে ধরেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৯৬ সালে তৃণমূল জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য সরকার গ্রামপর্যায়ে অংশীদারির ভিত্তিতে কমিউনিটি ক্লিনিক চালু করে। পরবর্তী সময়ে সরকারের টানাপোড়েনে স্থবির হয়ে পড়ে ক্লিনিকের সেবা কার্যক্রম। ২০০৯ সালের জুন মাসে বাড়িতে প্রসব কমিয়ে এনে প্রাতিষ্ঠানিক প্রসব বাড়িয়ে নবজাতক ও মাতৃমৃত্যুর হার কমিয়ে আনার লক্ষ্যে ‘মাকে বাঁচাও-শিশুকে বাঁচাও’ এই আহ্বানকে সামনে নিয়ে ঠাকুরগাঁওয়ে পরীক্ষামূলকভাবে বাংলাদেশ সরকার জাতিসংঘের তিনটি সংগঠনের (জাতিসংঘ জনসংখ্যা তহবিল, জাতিসংঘ শিশু তহবিল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে ইউকে ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং ইউরোপিয়ান ইউনিয়ন) আর্থিক সহযোগিতায় এমএনএইচ হাতে নেয়। গ্রামপর্যায়ে লোকবলসংকটের কারণে প্রাতিষ্ঠানিক সন্তান প্রসব (ক্লিনিকে সন্তান প্রসব) যখন কার্যকর হচ্ছিল না, তখন গ্রামপর্যায়ের স্বেচ্ছাসেবিকাদের শিশুজন্ম ও প্রসবকালীন সেবা বিষয়ে দক্ষ করে তুলে ক্লিনিকের জনবল বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়।
জেলার পাঁচটি উপজেলার ৭৩৭ জনস্বাস্থ্য স্বেচ্ছাসেবিকাকে পর্যায়ক্রমে শিশুজন্ম ও প্রসবকালীন সেবাবিষয়ক প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করে সিভিল সার্জন কার্যালয়। এ কারণে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার উল্লেখযোগ্য হারে হ্রাস পায়।পুরস্কার পেয়ে স্বাস্থ্য স্বেচ্ছাসেবী রাধা রানী রায় বলেন, ‘সরকার বিনা খরচে আমাকে শিশুজন্ম ও প্রসববিষয়ক ছয় মাসের প্রশিক্ষণ দিয়েছে। এটা আমাদের বড় পাওয়া। তার ওপর আজ স্বীকৃতি পেয়ে ভালো লাগছে।’